
যুক্তরাষ্ট্রের অকল্যান্ড ও সানফ্রান্সিসকো অঙ্গরাজ্যের সেতুবন্ধ বে-ব্রিজ। দুটি অংশে তৈরি দুই তলাবিশিষ্ট এই সেতুর একটি অংশ সাধারণ কংক্রিট এবং অন্য অংশটি ২৪ হাজার ৩৯৮ দশমিক ৫ ফুট লম্বা ইস্পাতের তৈরি, যার এক পাশ ঝুলন্ত (ক্যান্টিলিভার)।
শত বছরের ঐতিহ্য আর দুই অঙ্গরাজ্যের মানুষের সম্প্রীতির বাহক এই সেতুটিকে সময়ের প্রয়োজনেই করতে হবে প্রতিস্থাপন। তৈরি হবে নতুন সেতু আর নিশ্চিহ্ন হয়ে যাবে শত বছর ধরে অটুট বন্ধনের বে-ব্রিজ। কিন্তু তা কি আর হতে দেওয়া যায়? দুই অঙ্গরাজ্যের মানুষের প্রাণের দাবি, কোনোভাবেই এর স্মৃতিকে মুছে দেওয়া যাবে না। আর এ থেকেই সিদ্ধান্ত নেওয়া হয় পুরোনো ব্রিজের ইস্পাত দিয়েই করা হবে একটি আবাসিক প্রকল্প, যা বে-ব্রিজের স্মৃতিকে উজ্জ্বল করে রাখবে। এ প্রকল্পকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আয়োজন করা হয় ‘বে-ব্রিজ হাউজিং ডিজাইন প্রতিযোগিতা।’
সারা বিশ্বের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের কাছ থেকে স্থাপত্য-নকশা আহ্বান করা হয়। এতে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, ভারতসহ বিশ্বের ৩৭টি দেশের শিক্ষার্থীরা অংশ নেন। অনলাইনে এ প্রতিযোগিতায় জমা পড়ে ৭৩টি প্রকল্প। বাংলাদেশ থেকে অংশ নেয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং ঢাকার এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), হার্ভার্ড বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের সেরা সব বিশ্ববিদ্যালয়কে তাক লাগিয়ে বোর্ড সদস্যদের বিবেচনায় এ প্রতিযোগিতায় সেরা ডিজাইন মনোনীত হয় চুয়েটের স্থাপত্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাজী শামসুদ তামজিদের ‘অদৃশ্য ত্রিভুজ।’ এ ছাড়া প্রাথমিক বাছাইয়ে সেরা ১৪-তে উঠে এসেছিল চুয়েটেরই আরেক শিক্ষার্থী অমিত ইমতিয়াজের ‘বেনিয়ান হাউস’ প্রকল্পটি।
আয়োজক কমিটির নির্ধারণ করে দেওয়া অকল্যান্ডের পাঁচটি স্থানের তিনটি নিয়ে কাজ করেন তামজিদ। তাঁর নিপুণ স্থাপত্যশৈলীর মাধ্যমে প্রকাশিত হয়েছে এই তিনটি স্থানের মধ্যে একটি অদৃশ্য মেলবন্ধন, যা এই ভবিষ্যৎ মেধাবী স্থপতির ভাষায় ‘ইনভিজিবল ট্রায়াঙ্গল’ (অদৃশ্য ত্রিভুজ)।
‘আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে আর নিজের বিশ্ববিদ্যালয়কে তুলে ধরতে পেরে অনেক ভালো লাগছে। তবে বৃহত্তর অর্থে এ অর্জন পুরো বাংলাদেশের, আমি তার আনন্দের অংশীদার মাত্র।’ এভাবেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তরুণ এই স্থপতি।