মিথ্যার বেসাতি অনলাইন ডেটিং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্নেল ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসনের গবেষকেরা জানিয়েছেন, অনলাইন ডেটিং মানেই মিথ্যার বেসাতি। ডেটিং সাইটগুলোতে যে তথ্য দেওয়া থাকে, তাতে প্রকৃত তথ্যের চেয়ে মিথ্যা তথ্য থাকে অনেক বেশি। সম্প্রতি পরিচালিত এক গবেষণায় তাঁরা দেখেছেন, ওজন আর বয়স নিয়ে সবচেয়ে বেশি লুকোচুরি ও মিথ্যাচার করা হয়।গবেষকেরা অনলাইনে ডেটিং সাইট ব্যবহার করেন এমন ৭৮ জনের প্রকৃত তথ্য এবং তাঁদের আলাদা চারটি অনলাইন ডেটিং সাইটে দেওয়া বয়স, উচ্চতা ও অন্যান্য তথ্য তুলনা করে দেখেছেন, সেখানে মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে। বিস্তারিত লেখার বদলে সেখানে সংক্ষিপ্ত আকারে তথ্য দেওয়া হয়েছে বা আসল তথ্য দেওয়ার পরিবর্তে ঘোরানো-প্যাঁচানো। গবেষকেরা দেখেছেন, সেখানে ৬৫ শতাংশ ক্ষেত্রেই মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে।অনলাইন ডেটিং সাইটগুলোতে তথ্য দেওয়ার ক্ষেত্রে পুরুষেরা ওজন আর নারীরা তাঁদের শারীরিক গঠন ও উচ্চতা নিয়ে মিথ্যার আশ্রয় নেন বলে গবেষকেরা জানিয়েছেন। তাঁদের দেওয়া তথ্যানুসারে, ৫০ শতাংশ ক্ষেত্রে উচ্চতা আর ২০ শতাংশ ক্ষেত্রে বয়সের ব্যাপারে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে।গবেষক ক্যাটালিনা টোমা এ প্রসঙ্গে বলেছেন, প্রতারণার কৌশল হিসেবে অনলাইনে মিথ্যার আশ্রয় নেওয়া হয়। তাঁরা অনলাইনে ৬৫ শতাংশ মিথ্যা তথ্য শনাক্ত করতে পেরেছেন। গবেষণাটি অনলাইনে মিথ্যুকদের ধরতে যে সফটওয়্যারের চিন্তা-ভাবনা করা হচ্ছে, সেটি উদ্ভাবনের ক্ষেত্রে অনেক কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।অনলাইনে সত্য-মিথ্যার পার্থক্য বের করা মুশকিল হলেও গবেষকেরা বলেন, অনলাইন ডেটিং থেকে বাস্তব সঙ্গী নির্বাচনের আগে প্রকৃত তথ্য জেনে নেওয়া প্রয়োজন। কারণ, এ ক্ষেত্রে প্রতারণার শিকার হতে হয় অনেককেই। অনলাইন ডেটিংয়ে মিথ্যার আশ্রয় নেওয়া হচ্ছে কি না, সেটি বের করার অনেকগুলো পদ্ধতি রয়েছে। মিথ্যা বলার কৌশলগুলো ধরতে পারলেই মিথ্যুক সঙ্গীকে বের করা বেশ সহজ। অনলাইনে সঙ্গী নির্বাচনে কৌশলী ও সচেতন হতে পরামর্শ দিয়েছেন গবেষকেরা।