মিনিপ্যাক ঈদসংখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পাদকীয়

ঈদ উপলক্ষে বাজারে এসেছে পত্রিকার ইয়া বড় বড় ঈদসংখ্যা। আজকাল সবাই ব্যস্ত। এত বড় বড় ঈদসংখ্যা পড়ার সময় কোথায়? তাই ব্যস্ত পাঠকদের জন্য মোটা ঈদসংখ্যার সব উপাদান দিয়ে আমাদের এই দুই পাতার ঈদসংখ্যা। ঝটপট পড়ে ফেলুন।

সম্পাদক

আলিম আল রাজি

উপন্যাস

hemu
hemu

হিমুর একদিন

রাত দশটা বেজে ২০ মিনিট। হঠাত্ বাদলের ফোন, ‘হিমুদা, হ্যাভি মজার জিনিস ঘটেছে। বাসায় আসতে পারবে?’

: তোর বাসায় আসলে খালু সাহেব আমাকে গুলি করে মেরে ফেলবেন।

: আরে ধুর! বাবা ঘুমাচ্ছে! তুমি এসে একবার কলবেল চাপবে। আমি দরজা খুলব।

: ওকে আসছি।

আমি বাদলের বাসায় গেলাম। বাদলের কথামতো কলবেল চাপলাম। দরজা খুললেন খালু সাহেব। আমাকে চিনেও না চেনার ভান করলেন তিনি। কঠিন গলায় বললেন, ‘কী চাই?’ আমি মিষ্টি হেসে জবাব দিলাম, ‘কলবেল ঠিক আছে কি না পরীক্ষা করছিলাম। আমি এসেছি কলবেল টেস্টার সমিতি থেকে। শহরের সব বাসার কলবেল ঠিক আছে কি না এটা দেখাই আমাদের কাজ।’

খালু সাহেব দাঁত কিড়িমিড়ি করে কিছু বলতে যাচ্ছিলেন। আমি তার আগেই ঘুরে হাঁটা শুরু করলাম। ঘুরতে ঘুরতে শুনলাম, খালু বিড়বিড় করে বলছেন, ‘তোমার খবর আছে।’

২.

মেসে ফেরার পথে পুলিশের হাতে পড়লাম। পুলিশ ভাইরা নাকি আমাকে ফলো করছেন। আমার অপরাধ, আমি একটু আগে এক বাড়িতে গিয়ে চাঁদা দাবি করে এসেছি। বাড়িওয়ালা তত্ক্ষণাত্ ফোন করে আমার পেছনে পুলিশ লাগিয়ে দিয়েছেন।

খালু সাহেব এভাবে আমার খবর করে দেবেন ভাবিনি।

৩.

আমাকে থানায় নিয়ে যাওয়া হলো। আমাকে দেখেই ওসি সাহেব লাফ দিয়ে উঠলেন, ‘আরে হিমু ভাই! আমারে চিনেছেন? ওই যে আপনি ফুঁ দেওয়ার পর আবার সন্তান হয়েছিল। আপনাকে যে কত খুঁজছি হিমু ভাই! কী কপাল, আজকে পেয়ে গেলাম। আপনাকে ধরে আনছে কোন শ্লা? ওই হিমু ভাইরে বসতে দে।’

ওসি সাহেব কথা বলেই যাচ্ছেন। আমি তাঁকে চিনতে পারছি না। তার পরেও তাঁর কথা শুনছি। শুধু আমি না, থানার সবাই শুনছে। আমাকে যারা ধরে এনেছে, তারা কঠিন টাশকি খেয়েছে বোঝা যাচ্ছে।

ওসি সাহেব আমাকে বসতে দিলেন। কী করলে আমার আপ্যায়ন হবে তিনি ঠিক বুঝতে পারছেন না। আমি ওসি সাহেবকে বললাম, ‘একটা ফোন করা যাবে?’

: অবশ্যই।

আমি রূপার নম্বরে ডায়াল করলাম। আজকে উথাল-পাথাল জোসনা। রূপাকে খবরটা জানানো দরকার।

ছোটগল্প

Untitled-6
Untitled-6


এ কেমন প্রেম

একটি ছেলে ছিল আর একটি মেয়ে ছিল। তাদের একদিন দেখা হলো। তারপর তাদের প্রেম হয়ে গেল। একদিন ছেলেটার জ্বর হলো। তারপর ছেলেটি মরে গেল। মেয়েটি অনেক কাঁদল। আহা! কী কষ্ট!

প্রবন্ধ
আমরা যাচ্ছি কোথায়?

একুশ শতকের এক দশক পেরিয়ে বিশ্বায়ন আর মুক্তবাজার অর্থনীতির এই যুগে সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন আর চোখরাঙানি তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ ও মধ্যম আয়ের দেশগুলোর শিরদাঁড়ায় যখন প্রতিদিন কাঁপন ধরাচ্ছে, ঠিক তখন অভ্যন্তরীণ জটিলতা, পরিবর্তনশীল সমাজব্যবস্থা আর অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির ওপর দাঁড়িয়ে আমাদের একটাই জিজ্ঞাসা—দেশ কোথায় যাচ্ছে?

ভ্রমণ

মাদাগাস্কারে দেড় দিন

আমি আর বন্ধুরা মিলে একদিন মাদাগাস্কার গেলাম। সেখানে অনেক কিছু দেখলাম। ঘোরাঘুরি করলাম। ফেসবুকে আপ করার জন্য নানান অ্যাঙ্গেলে ছবি তুললাম। তারপর দেশে চলে এলাম।

আত্মজীবনী

আমার জীবন

আমি ছোট ছিলাম। তারপর কিশোর হয়েছি। তারপর তরুণ হয়েছি। এখন বুড়া হয়ে গেছি। আহা! জীবন কত দ্রুত চলে যায়!

দক্ষিণাধুনিক কবিতা

উকুন ও শকুন

তোদের মাথার উকুন

খায় মিলে শকুন

শকুনের বাবা কে?

খাবে তার থাবা কে?

চিনিস তুই তাদের?

ওরে আবদুল কাদের!

রান্না

ঝালভাত

উপকরণ: চাল, মরিচ, পানি।

কড়াইতে চাল, পানি আর মরিচ নিয়ে হালকা আঁচে হালকা ঘুটা দিন। ব্যস, হয়ে গেল ঝালভাত। এবার সুন্দর করে পরিবেশন করুন।

স্মৃতিচারণা

তখন আমরা

যখন ছোট ছিলাম, তখন কত মজা হতো ঈদে। একটা চ্যানেল ছিল। একটা অনুষ্ঠান হতো—আনন্দ মেলা। আমরা মজা করে দেখতাম। আর এখন? এত এত চ্যানেল এত এত অনুষ্ঠান! কিন্তু কোনো মজা নেই।

খেলাধুলা

ফুটবলের ভূত ও ভবিষ্যত্

ফুটবল একটি মজার খেলা। এটি খেললে স্বাস্থ্য ভালো থাকে। বাংলাদেশ এখনো ফুটবলে ওয়ানডে কিংবা টেস্ট স্ট্যাটাস পায়নি। এ জন্য এ দেশের ফুটবলপ্রেমীদের বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ এই দুই দেশকে সাপোর্ট করতে দেখা যায়। বাংলাদেশ যাতে অতিসত্বর টেস্ট ও ওয়ানডে স্ট্যাটাস পায় এবং বার্সা ও রিয়াল ইত্যাদি দেশের সঙ্গে খেলতে পারে, এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।