মিবো কিনে নিচ্ছে গুগল
বিভিন্ন ধরনের তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান কিনে নেওয়ার প্রতিযোগিতায় আরেক পালক যুক্ত করল বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল। তারা এবার একই সঙ্গে একাধিক চ্যাট সুবিধা প্রদানকারী প্রতিষ্ঠান মিবোকে (www.meebo.com) কিনে নিচ্ছে বলে জানা গেছে। এর আগে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকও মোবাইলভিত্তিক বেশ কিছু সেবা কিনে নিয়েছে। বর্তমান প্রযুক্তির সঙ্গে টিকে থাকতে ক্রমাগত স্টার্টআপ বিভিন্ন প্রতিষ্ঠান কিনে নিচ্ছে বিশ্বসেরা সব শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান। ২০০৫ সালে ব্রাউজারভিত্তিক চ্যাট সুবিধা প্রদানের মাধ্যমে যাত্রা শুরু হয় মিবো মেসেঞ্জারের। এ সাইটে একটি মাত্র অ্যাকাউন্ট দিয়েই গুগল টক, ইয়াহু মেসেঞ্জার, লাইভ মেসেঞ্জার, ফেসবুকসহ জনপ্রিয় প্রায় সবই চ্যাট সুবিধা ব্যবহার করা যায়। অর্থ্যাৎ এ সাইটে গিয়ে শুধু ইউজার আইডি এবং গোপন নম্বর (পাসওয়ার্ড) দিয়েই প্রবেশ করেই চ্যাট করা যাবে। এ জন্য আলাদাভাবে ম্যাসেঞ্জার ইনস্টলের প্রয়োজন নেই। গুগলের সামাজিক যোগাযোগের সাইট গুগল প্লাসের সঙ্গে মিবো সুবিধাকে যুক্ত করার ব্যাপারে ভাবছে গুগল। গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা সব সময়ই ব্যবহারকারীদের সুবিধা দেয় এমন সব প্রযুক্তি কিংবা সুবিধার সঙ্গে যুক্ত হতে চাই।’ এ ক্ষেত্রে মিবো হয়তো ব্যবহারকারীদের আরও দারুণ কিছু সেবা দিতে সক্ষম। ফেসবুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে ক্রমাগত নানাভাবে কাজ করে যাচ্ছে গুগল। তারই একটি অংশ হিসেবে মিবোকে কিনে নিতে চাচ্ছে বলে মনে করছেন প্রযুক্তি বাজার বিশেষজ্ঞরা। মিবো কেনার ক্ষেত্রে গুগল প্রায় ১০ কোটি ডলার খরচ হবে বলে জানা গেছে! তবে এ ব্যাপারে সুনির্দিষ্ট কিছু জানা যায়নি। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আশফাক আলম