
আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নেই, সেশনজট নেই। সবাই মিলেমিশে আন্তরিক পরিবেশ। সবচেয়ে বড় কথা, মজলুম জননেতা মওলানা ভাসানীর স্মৃতিবিজড়িত টাঙ্গাইলের সন্তোষেই আমাদের ক্যাম্পাস। সব সময় মনে হয় মহান নেতার সংস্পর্শে আছি।’
কথাগুলো বলছিলেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ফাহিমা রহমান। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে তাঁর সঙ্গে আলাপকালে এসে যোগ দেন একই ক্লাসের শিক্ষার্থী মো. রাফিকুজ্জামান। তিনিও বললেন, বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোগত অনেক সমস্যা রয়েছে। কিন্তু সব সমস্যা পুষিয়ে নেওয়া যায় প্রাকৃতিক পরিবেশ আর সবার আন্তরিক ব্যবহারে।
১৯৯৯ সালের ১২ অক্টোবর সন্তোষে ‘মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ২০০৩ সালে এর একাডেমিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে এখানে ১৩টি বিভাগে তিন হাজারেরও অধিক শিক্ষার্থী পড়াশোনা করছেন।
হাঁটি হাঁটি পা পা করে বিশ্ববিদ্যালয় ১৪ বছরে পদার্পণ করেছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হয়েছে মুক্তমঞ্চ, মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য ‘প্রত্যয় ৭১’, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভসহ মুক্তিযুদ্ধের চেতনার অনেক কিছু। শহীদ জননী জাহানারা ইমামের নামে করা হয়েছে ছাত্রী হল।
কিন্তু প্রকট আবাসিক সমস্যা রয়েছে। অনেক অভিযোগের কথা শোনালেন শিক্ষার্থীরা। কিন্তু তার পরও সব সমস্যা ছাপিয়ে সামনে এগিয়ে যেতে চান তাঁরা। অপরাধতত্ত্ব ও পুলিশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছামিউল হোসেন বলেন, ‘১৪ বছর পেরিয়ে গেছে এই বিশ্ববিদ্যালয়। কিন্তু এই দীর্ঘ দিনেও অবকাঠামোগত সুবিধা গড়ে ওঠেনি। তার পরও নিয়মিত ক্লাস হয়, সেশনজট নেই। সেই দিক দিয়ে খুব ভালো লাগে।’ একই বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, ‘বাইরের উপদ্রব কিছু আছে। তার পরও এমন আনন্দমুখর পরিবেশ আর কোনো বিশ্ববিদ্যালয়ে বোধ হয় নেই।’ পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী সিফাত রহমান জানালেন, ছোট ক্যাম্পাস, সবাইকে কাছ থেকে দেখা যায়। গণিত বিভাগের শিক্ষার্থী উম্মে হাবিবা বলেন, ‘অনেক সমস্যার পরও খারাপ লাগে না। এখানে শিক্ষক-শিক্ষার্থী সবাই খুব ফ্রেন্ডলি মনোভাব নিয়ে চলেন। মনে হয় নিজের বাড়িতেই আছি।’ অপরাধতত্ত্ব ও পুলিশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সন্ধিতীর্থ চক্রবর্তী জানালেন অন্য রকম অনুভূতির কথা। তাঁর ভাষায়, ‘দেখতে দেখতে ছাত্রজীবন শেষ হয়ে গেল। এখন চলে যেতে হবে। এই ক্যাম্পাসকে সব সময় মিস করব।’