মিসর হতে পারে অস্থিতিশীল

মিসরের ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্র্রাদারহুডকে গত ২৫ ডিসেম্বর সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে দেশটির অন্তর্বর্তী সরকার। ব্রাদারহুডের দীর্ঘ ৮৫ বছরের ইতিহাসে এই প্রথম এ ধরনের আখ্যা পেল সংগঠনটি। দেশটির রাজধানী কায়রো এবং মানসুরা এলাকায় দুটি প্রাণঘাতী বোমা হামলার পর অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তে সম্ভবত প্রভাবশালী সামরিক বাহিনীর সায় রয়েছে। দেশটির রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, এ ঘোষণার জের ধরে সরকারি নিরাপত্তা বাহিনী সংগঠনটির নেতা-কর্মীদের বিরুদ্ধে আরও বেশি দমন-পীড়ন চালালে, পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে। দেশটির চলমান রাজনৈতিক অস্থিরতায় যোগ হতে পারে নতুন মাত্রা।
যে দুটি বোমা হামলার পর সরকার এই কঠোর অবস্থান নিয়েছে, তার সঙ্গে যে ব্রাদারহুডই জড়িত—এমন কোনো প্রমাণ দিতে পারেনি তারা। বাস্তবে দেখা গেছে, আনসার বায়াত আল-মাক্কিস নামের একটি উগ্রপন্থী গোষ্ঠী ওই হামলার দায়িত্ব স্বীকার করে বিবৃতি দিয়েছে। মুসলিম ব্রাদারহুড বিশেষ করে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে।
সরকার ব্রাদারহুডের বিরুদ্ধে যে ব্যবস্থা নিল তার স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। এটা যেমন মিসরের জন্য, তেমনি অবশ্যম্ভাবীভাবে যুক্তরাষ্ট্রের জন্যও। ব্রাদারহুডকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা বর্তমান সামরিক জান্তার ভেতরে থাকা কট্টরপন্থী এবং তাদের ছায়াতলে থাকা অন্তর্বর্তী সরকারের জন্য একটি স্বল্পমেয়াদি বিজয় বটে। তবে এই বিজয় প্রাণঘাতী বিজয়। কারণ, ইতিহাস সাক্ষ্য দেয়, গত শতাব্দীর চল্লিশের দশক থেকে এ পর্যন্ত মিসরের যে কয়টি সরকার ব্রাদারহুডের সঙ্গে বিবাদে জড়িয়েছে, তারা সবাই সংগঠনটিকে দমন করতে ব্যর্থ হয়েছে।
মুসলিম ব্রাদারহুড কেবলই একটি রাজনৈতিক দল নয়, এটি একটি সামাজিক, ধর্মীয়, শিক্ষামূলক, স্বাস্থ্যসেবামূলক এবং সাংস্কৃতিক আন্দোলনের নাম। পাশাপাশি সমগ্র আরব বিশ্বে এবং সুন্নি ইসলামি বিশ্বের মধ্যে ব্রাদারহুডই সবচেয়ে বড় এবং সুসংগঠিত ইসলামি রাজনৈতিক শক্তি।
অসংখ্য বেসরকারি সংস্থার মাধ্যমে ব্রাদারহুড মিসরীয় সমাজে, বিশেষ করে দরিদ্র অঞ্চলগুলোতে নিম্নমধ্যবিত্ত শ্রেণী এবং দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে পোক্ত আসন তৈরি করে নিয়েছে। এসব সংস্থা বিনা মূল্যে বা সাশ্রয়ী মূল্যে তাদের খাদ্য, স্বাস্থ্যসেবা, শিশুসেবা, শিক্ষাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে থাকে। দেশটির মধ্যবিত্ত শ্রেণী এবং বিভিন্ন পেশায় নিয়োজিত লোকজনও ব্রাদারহুডের কাছ থেকে উপকারভোগী। তাঁরা বিশেষ করে ব্রাদারহুড পরিচালিত হাসপাতাল ও ক্লিনিকগুলো থেকে স্বাস্থ্যসেবা নিয়ে থাকেন। কেননা, যেখানে অন্য বেসরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা গ্রহণ বিরাট ব্যয়বহুল ব্যাপার এবং সরকারি হাসপাতালগুলোতে সেবার মান অত্যন্ত নিম্নমানের, সেখানে ব্রাদারহুড পরিচালিত হাসপাতালগুলোই বেশির ভাগ মিসরীয়র একমাত্র ভরসা।
সরকার ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, তার ফলে এসব সেবা বন্ধ হয়ে যাবে। এতে লাখ লাখ মিসরীয় স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য কল্যাণমূলক সেবা থেকে বঞ্চিত হবে। এই হঠাৎ অসুবিধার জের ধরে জনগণ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামতে পারে, যার পরিণতি হচ্ছে, নতুন দফায় অস্থিরতা, আরও সহিংসতা ও অস্থিতিশীলতা।
সামরিক জান্তা ব্রাদারহুডের পিছু নেওয়া ছাড়ছে না, তার কারণ একটাই—তারা ধীরে ধীরে যে স্বৈরতন্ত্র পাকাপোক্ত করার চেষ্টা চালাচ্ছে, তার বিরুদ্ধে দৈনন্দিন ভিত্তিতে যে বিক্ষোভ প্রতিবাদ চলছে, তা সামাল দিতে ব্যর্থ হচ্ছে সামরিক বাহিনী। তাহরির স্কয়ার আন্দোলনের আলোচিত তিন মুখকে দোষী সাব্যস্ত করে কারাগারে পাঠানোর সাম্প্রতিক ঘটনাটি সামরিক বাহিনীর আরেক অপরিণামদর্শী সিদ্ধান্ত। এ ঘটনা প্রমাণ করে, সামরিক বাহিনী তার বিরুদ্ধাচরণকারী কোনো কণ্ঠকেই সহ্য করবে না, তা সে ধর্মনিরপেক্ষই হোক আর ইসলামপন্থীই হোক।
সামরিক জান্তা ভাবছে, তারা ব্রাদারহুডকে বাইরে রেখেই একটি স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা দাঁড় করাতে পারবে। প্রকৃতপক্ষে তারা বোকার স্বর্গে বাস করছে। কেননা, ইসলামি রাজনীতি মিসরে শেকড় গেড়ে বসে আছে। দেশটিতে এই ইসলামি রাজনীতির ধারা প্রবাহিত সেই ১৯২৮ সাল থেকে, যখন মুসলিম ব্রাদারহুড যাত্রা শুরু করেছিল।
মিসরের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি হয়তো ব্রাদারহুডবিরোধী সেন্টিমেন্টের ওপর ভর করে প্রেসিডেন্ট প্রাসাদে ওঠার চেষ্টা করবেন। তবে বাঘের পিঠে চড়া যে অতি ভয়ংকর কাজ তাও মনে রাখতে হবে। অন্তত মিসরের আধুনিক ইতিহাস সেই সাক্ষ্যই দেয়। সেনাপ্রধানকে তাঁর পূর্বসূরি সামরিক স্বৈরশাসকেরা যাঁরা প্রেসিডেন্ট হয়েছেন, তাঁদের থেকে শিক্ষা নেওয়া উচিত। এসব স্বৈরশাসকেরা ব্রাদারহুডের ওপর দমন-পীড়ন চালিয়েছেন অতিমাত্রায়। জেল-জুলুমের পাশাপাশি নেতাদের ফাঁসি দিয়েও সংগঠনটিকে নিশ্চিহ্ন করার চেষ্টা বাস্তবায়ন করতে পারেননি তাঁরা। বর্তমান সরকারের এই সিদ্ধান্তের পর সহিংসতা যে নতুন মাত্রা পাবে, তার জের ধরে সরকার তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হতে পারে।
মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্যও নেতিবাচক ফল বয়ে আনতে পারে। ওয়াশিংটন এর বিরোধিতা করলে সেনাবাহিনীর কট্টর সমর্থকেরা যুক্তরাষ্ট্র মুসলিম ব্রাদারহুডের তোষণ করছে বলে অভিযোগ তুলতে পারে। আবার সেনাবাহিনীর পক্ষ নিলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলে যেতে পারে ব্রাদারহুডের সমর্থকেরাও। এমন পরিস্থিতিতে মিসরে অবস্থানরত মার্কিন নাগরিক ও স্থাপনা সরকারের গুন্ডাবাহিনী এবং জঙ্গিদের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর মৃদু স্বরে জান্তার পদক্ষেপের তিরস্কার করেছে। তারা ‘সবার অংশগ্রহণমূলক রাজনৈতিক প্রক্রিয়া’র পক্ষে সমর্থন জানিয়েছে এবং ‘সব রাজনৈতিক মতাদর্শের অংশগ্রহণে সংলাপের’ আহ্বান জানিয়েছে। তবে এটা সামরিক বাহিনী এবং ব্রাদারহুড উভয়কেই তুষ্ট করতে ব্যর্থ হয়েছে। ওয়াশিংটনকে জান্তার কাছে এটা পরিষ্কার করে দিতে হবে যে, কোনো রাজনৈতিক প্রক্রিয়া থেকে ব্রাদারহুড বা তার সহযোগীদের বাদ দিয়ে মিসরে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্য অর্জন সম্ভব নয়।
সূত্র: ইন্টার প্রেস সার্ভিস