মিসরের প্রেসিডেন্টের কাজ পর্যবেক্ষণের ওয়েবসাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে তরুণদের একটি দল ‘মুরসি মিটার’ নামে একটি ওয়েবসাইট চালু করেছে। এই ওয়েবসাইটের কাজ হবে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির কার্যক্রম পর্যবেক্ষণ করা।ওয়েবসাইটটি দাবি করেছে, মোহাম্মদ মুরসি তাঁর নির্বাচনী প্রচারণার সময় মিসরের জনগণকে ৬৪টি প্রতিশ্রুতি দিয়েছেন। এখন মুরসি মিটার দেখবে, প্রথম ১০০ দিনে তিনি কোন কোন প্রতিশ্রুতি পালন করেন। মুরসি মিটারের বরাত দিয়ে মিসরের আল আরাবিয়া পত্রিকা জানায়, প্রেসিডেন্টের কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য এর আগে কোনো ওয়েবসাইট চালু হয়নি। এ ধরনের ওয়েবসাইট এটাই প্রথম। প্রেসিডেন্টের কার্যক্রম কঠিনভাবে পর্যবেক্ষণ করবে এটি।মুরসি মিটার প্রথম ১০০ দিনে প্রেসিডেন্ট মুরসি কোন কোন প্রতিশ্রুতি পূরণ করবেন, তার একটি তালিকা প্রকাশ করেছে। এগুলো হচ্ছে: নিরাপত্তাব্যবস্থার উন্নয়ন, ট্রাফিক অর্থাৎ যান চলাচলব্যবস্থার উন্নয়ন, জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ, সবার জন্য কর্মসংস্থান এবং সব নগর ও শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।গণ-আন্দোলনের মুখে গত বছরের ফেব্রুয়ারি মাসে সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর এ বছরের মে মাসে প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম দফার নির্বাচনে মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মুরসি প্রথম এবং সাবেক প্রধানমন্ত্রী আহমেদ শফিক দ্বিতীয় হন। এঁদের কেউ প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় ১৬ ও ১৭ জুন দ্বিতীয় দফায় ভোট নেওয়া হয়। এতে মোহাম্মদ মুরসি জয়ী হন।—পিটিআই অবলম্বনে রোকেয়া রহমান