মুক্ত জ্ঞান ছড়িয়ে দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্মশালায় চলছে আলোচনা ও মতবিনিময়
কর্মশালায় চলছে আলোচনা ও মতবিনিময়

সারা বিশ্বে মুক্ত জ্ঞান (ওপেন নলেজ) ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় শেষ হলো ‘ওপেন নলেজ সম্মেলন (ওকেসিওএন) ২০১৩’। পাশাপাশি আগামী বছরের ১৫ থেকে ১৮ জুলাই জার্মানির বার্লিনে পরবর্তী ‘ওপেন নলেজ উৎসব’ আয়োজনের ঘোষণাও দেওয়া হয়। ওকেসিওএনের শেষ দিন গত বুধবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ওপেন নলেজ ফাউন্ডেশন নেটওয়ার্কের (ওকেএফএন) সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক রাফিউস পোলক। অনুষ্ঠানে ওকেএফএনের প্রধান নির্বাহী লরা জেমস জানান, উন্নয়নশীল দেশগুলোতে মুক্ত তথ্য (ওপেন ডেটা) ছড়িয়ে দিতে বিশ্বব্যাংক, ওকেএফএন এবং ওপেন ডেটা ইনস্টিটিউট আগামী তিন বছর একসঙ্গে কাজ করবে। অনুষ্ঠানে বিশ্বব্যাংক ছাড়াও সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ওকেএফএন ইতালির ফ্রান্সেসা ডি চিয়ারা বলেন, ‘পুরো সম্মেলনে মুক্ত জ্ঞান এবং মুক্ত প্রযুক্তি নিয়ে বেশ ভালো সব আয়োজন ছিল। ভালো লেগেছে মুক্ত তথ্য, মুক্ত শিক্ষা, মুক্ত বিজ্ঞানের পর্বগুলো।’ সম্মেলন শেষে বৃহস্পতিবার বাংলাদেশসহ বিভিন্ন দেশের দূতদের নিয়ে অনুষ্ঠিত হয় বিশেষ ‘ডেটা এক্সপিডিশন কর্মশালা’। ইউনিভার্সিটি অব জেনেভায় অনুষ্ঠিত এ কর্মশালায় কীভাবে নিজের দেশে ডেটা এক্সপিডিশন করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালা পরিচালনা করেন ওকেএফএনের স্কুল অব ডেটার প্রকল্প সমন্বয়ক মেলিনা মেরিন এবং কমিউনিটি সমন্বয়ক অ্যান্ড্রিস পিডারসন। এতে বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে বিশেষ ডেটা এক্সপিডিশন করার পরিকল্পনা করা হয়।

তিন দিনের ওপেন নলেজ সম্মেলনের আয়োজক ছিল ওকেএফএন এবং ওপেন ডেটা ডট সিএইচ।

—নুরুন্নবী চৌধুরী, জেনেভা (সুইজারল্যান্ড) থেকে