মুক্ত সফটওয়্যার ছড়িয়ে দেওয়ার আহ্বান
নানা আয়োজনে দেশে পালিত হয়েছে সফটওয়্যার মুক্তি দিবস। কম্পিউটার ব্যবহারকারীদের অধিকার সংরক্ষণ করার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য মুক্ত সফটওয়্যার তৈরি ও ব্যবহার করতে উৎ সাহ দেওয়া হয়। মুক্ত সফটওয়্যার আন্দোলনকে ত্বরান্বিত করতে ২০০৪ সাল পালিত হয় ‘সফটওয়্যার মুক্তি দিবস’ হিসেবে। গতকাল শনিবার দিবসটি উপলক্ষে দিবসটি উপলক্ষে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, চট্টগ্রাম শাখায় অনুষ্ঠিত হয়েছে ‘মুক্ত দর্শন, মুক্ত সংস্কৃতি’ শীর্ষক গণ-আড্ডা। আড্ডার সঞ্চালনা করেন বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান। তিনি বলেন, ‘মুক্ত সফটওয়্যার আন্দোলন সবার মাঝে ছড়িয়ে দিতে এর নানা সুবিধার কথা সবাইকে জানাতে হবে।’ আড্ডায় মুক্ত সফটওয়্যারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আড্ডায় অংশ নেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশের নগর সম্পাদক নাসিরুল হক, সংস্কৃতি কর্মী আলম খোরশেদ, আইইউবিসির শিক্ষক সৌমিত্র পালিত, এমরান হারুনসহ অনেকে। পরে অনুষ্ঠানে মুক্ত সংগীত পরিবেশন করা হয়। এ ছাড়া বিডিওএসএনের ঢাকা কার্যালয়ে মুক্ত সফটওয়্যার বিষয়ে আলোচনা ও আড্ডা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আগতদের মুক্ত সফটওয়্যার-বিষয়ক নানা প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং সবাইকে বিনা মূল্যে মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টুর সিডি বিতরণ করা হয়। একইভাবে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ওএসএনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওএসএনগুলো নানা ধরনের আয়োজনের মাধ্যমে দিনটি পালন করে। ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশন বাংলাদেশ (এফওএসএস) নানা আয়োজন করে। ঢাকার প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এসব আয়োজনের মধ্যে ছিল মুক্ত সফটওয়্যার প্রদর্শনী, মুক্ত সফটওয়্যার ও লিনাক্স বিষয়ে ভিডিওচিত্র প্রদর্শনী, আলোচনা, আগ্রহীদের ল্যাপটপে লিনাক্স ইন্সটলেশন-ব্যবস্থা ইত্যাদি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফওএসএসের সভাপতি জেড এম মেহেদী হাসান, মহাসচিব সাজেদুর রহিম জোয়ারদারসহ অনেকে। আজ দুপুরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস ক্লাবের আয়োজনে দিবসটি উপলক্ষে মুক্ত সফটওয়্যার-বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। —নিজস্ব প্রতিবেদক