মুক্তজ্ঞানের আসর থেকে

মুক্ত তথ্য, মুক্ত জ্ঞান নিয়ে আলোচনা হচ্ছে গোটা দুনিয়ায়। মানুষের প্রয়োজন উন্মুক্ত তথ্যভান্ডার, যাতে মুক্তভাবে জ্ঞানের চর্চা করা যায়। আর এ জন্য তথ্যপ্রযুক্তির সুবিধাগুেলাও নেওয়া যাবে। এ বিষয়গুলোকে মানুষের জন্য কীভাবে কাজে লাগানো যায় তাই নিয়ে বার্লিনে হয়ে গেল মুক্ত জ্ঞান নিয়ে সবচেয়ে সম্মেলন।
জার্মানির উদ্দেশে যখন ঢাকা থেকে রওনা হই, বিমানে ওঠার আগেই জানা হয়ে গেছে এবারের ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি। আর বিজয়ী জার্মানি বিজয় উৎসব করবে বার্লিনেই! তাই বেশ উত্তেজনা অনুভব করলাম। বিমানেই দেখা হয়ে গেল একদল জার্মান সমর্থকের সঙ্গে। এরপর পথে ট্রানজিটেও পাওয়া গেল জার্মান সমর্থকদের। বার্লিনে নামতেই পেলাম উষ্ণ অভ্যর্থনা। বিশ্বকাপজয়ী জার্মািন দেশে ফেরার পর থেকেই উৎসবে ভাসছে বার্লিন। তার ছোঁয়া লেগেছে মুক্তজ্ঞানের উৎসবেও। উৎসব শুরু হওয়ার দিন ছিল জার্মানি দলের বিজয় উদ্যাপনপর্ব। সেটি শেষ হতেই শুরু হয় ‘ওপেন নলেজ ফেস্টিভ্যাল–২০১৪’।
এবারের উৎসবে যাওয়ার আগেই বাংলাদেশের পতাকা আঁকা বেশ কিছু চাবির রিং উপহার হিসেবে নিয়ে গিয়েছিলাম। বিভিন্ন দেশের প্রতিনিধিদের হাতে চাবির রিংটি উপহার হিসেবে দিতেই নানা ধরনের মন্তব্য। সত্যিকারভাবে মন্তব্যগুলো সব বাংলাদেশের প্রশংসা নিয়েই। ওপেন নলেজের সহ-প্রতিষ্ঠাতা রুফুস পোলক তো খুশি হয়ে বলেই দিলেন, তিনি এ চাবির রিংই ব্যবহার করবেন! আনন্দে বুকটা ভরে গেল। এমন আনন্দ আর মুক্তজ্ঞান ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে শুরু হয় চলতি বছরের মুক্তজ্ঞান উৎসব।
জার্মানির বার্লিনে ১৫ থেকে ১৭ জুলাই পর্যন্ত চলে এ আয়োজন। বিশ্বের সবচেয়ে বড় মুক্তজ্ঞান ও উন্মুক্ত তথ্যের এ সম্মেলনে এবারে ছিল ‘ওপেন মাইন্ডস টু ওপেন অ্যাকশন’ স্লোগান। ছিল জ্ঞান, হাতিয়ার ও সমাজ (নলেজ, টুলস এবং সোসাইটি) বিষয়ে নানা আয়োজন। বার্ষিক এ আয়োজনে ৬১টি দেশের এক হাজারের বেশি মানুষ অংশ নিয়েছেন। অলাভজনক সংস্থা হিসেবে ওকেএফ ওপেন স্পেন্ডিং, স্কুল অব ডেটা, ওপেন জিএলএএম, ওপেন গভর্নমেন্ট ডেটা, ওপেন ট্রান্সপোর্ট, ওপেন সায়েন্স, ওপেন ইকোনমিকস, ওপেন বিবলিওগ্রাফি, ওপেন একসেস, পাবলিক ডোমেইন ইত্যাদি নিয়ে কাজ করে।

যা ছিল উৎসবে
জার্মানির জয় উদ্যাপন উৎসব আর মুক্তজ্ঞানের উৎসব যেন মিলেমিশে একাকার। তবে নির্দিষ্টভাবে এ উৎসবে ছিল দারুণ সব আয়োজন। বার্লিনের প্রায় শত বছরে পুরোনো এক সাংস্কৃতিক কেন্দ্র কুলটুরব্রাইউরিতে অনুষ্ঠিত হয় এবারের উৎসব। একাধিক আলাদা ভবন নিয়ে এ সাংস্কৃতিক কেন্দ্রটি। পুরো কেন্দ্রে ছিল উৎসবের আবহ। উৎসবের মূল প্রবন্ধগুলো উপস্থাপন করা হয় বিশাল সিনেমা হলে! স্থানীয় ভাষায় যাকে বলা হয় ‘কিনো’। ‘উন্নত সমাজ তৈরির অন্যতম একটি উপায় হচ্ছে তথ্য ব্যবহার এবং পাওয়ার সব ধরনের সহজ সুযোগ। প্রাত্যহিক জীবনে তথ্য পাওয়ার এ অধিকারই পারে একটি উন্নত সমাজ গঠনে সহায়তা করতে। আর সে লক্ষ্যেই আমরা চেষ্টা করছি একটি আধুনিক কমিউনিটি তৈরি করতে, যারা জ্ঞান এবং অন্যান্য উপায় ব্যবহারের মাধ্যমে গড়ে তুলবে উন্নত সমাজ’, বললেন ওপেন নলেজের সহ-প্রতিষ্ঠাতা রুফস পোলক। উৎসবে এ বিষয়গুলোর প্রতিই ছিল বেশি আলোচনা। প্রথম দিনেই ছিল মুক্তজ্ঞানভিত্তিক উন্মুক্ত মেলা। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের ওপেন নলেজ দল নিজেদের নানা কাজ তুলে ধরে। পাশাপাশি ওপেন ডেটা, ওপেন এডুকেশন ইত্যাদি বিষয়ে কাজ করা বেশ কয়েকটি সংস্থাও নিজেদের নানা কর্মকাণ্ড তুলে ধরে। চলতি বছর ওপেন ডেটা বিষয়ে বিশেষ বৃত্তি পাওয়া বিভিন্ন দেশের ফেলোদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। বিভিন্ন পর্বে ওপেন অ্যাকসেস, ওপেন রিসার্চ ডেটা, ওপেন এডুকেশনাল রিসোর্স, ওপেন সায়েন্স, ডেটা জার্নালিজম, ডেটা ভিজ্যুয়ালাইজেশন নিয়ে হয় আলোচনা। ওপেন নলেজের প্রধান নির্বাহী লাউরা জেমস জানান, ‘মূলত সারা বিশ্বের মুক্ততথ্য, মুক্তজ্ঞান নিয়ে কাজ করে এমন সবাইকে একই ছাদের নিচে আনতেই আমাদের এমন উদ্যোগ। এর মাধ্যমে মুক্তজ্ঞানের বিষয়গুলো সারা বিশ্বে ছড়িয়ে পড়বে।’
এবারের উৎসবে ওপেন ডেটা ইনডেস্ক, স্টপ সিক্রেট কন্ট্রাক্টস, ওপেন ব্যাংক প্রকল্প, ওপেন স্পেন্ডিং, ওপেন এডুকেশন, ই-ওয়েস্ট এক্সপ্লোরেশন, ওপেন সায়েন্স, ক্লাইমেট চেঞ্জ ইন ওপেন ওয়েদার ডেটা, বিজনেস রেভিনিউ মডেল ফর ওপেন ডেটা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। বিভিন্ন বিষয়ে মূল প্রবন্ধ পড়েন ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট নিলি ক্রোস, গ্লোবাল উইটনেসের প্রতিষ্ঠাতা প্যাট্রিক অ্যালি, গুগলের রাজনীতি এবং নির্বাচন বিভাগের প্রধান এরিক হোসেন, উইকিমিডিয়া আর্জেন্টিনার প্রতিষ্ঠাতা বিয়েট্রিজ বুসানিসিসহ অনেকে। মূল যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেসবের মধ্যে ছিল ওপেন গভর্নমেন্ট ডেটা আপডেটস ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ওপেন অ্যাকসেস গ্লোবাল রিভিউ, ওপেন সোসাইটি ইন চ্যালেঞ্জিং কনটেক্সট, ওপেন ডেটা কমিউনিটিজ, ওপেন কন্ট্রাক্টিং: ডিসক্লোজিং ডেটা অ্যান্ড রেজাল্ট ইত্যাদি।

আলোচনায় এশিয়া
এবারের উৎসবে এশিয়ার বেশ কয়েকটি দেশের ওকেএফ প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এতে এশিয়া অঞ্চলে ওপেন নলেজ সম্মেলন কিংবা উৎসবের ব্যাপারে আলোচনা হয়। ওকেএফ ভারতের দূত শুভজিৎ গাঙ্গুলি বলেন, ‘ভারত, বাংলাদেশ ও নেপালের মতো দেশগুলো যদি মুক্তজ্ঞানের জন্য একে অপরকে সাহায্য করে এবং একসঙ্গে কাজ করে, তবে সেদিন বেশি দূরে নয় যেদিন আমাদের এশিয়ার দেশগুলোর সাধারণ মানুষ নিজেরা মুক্তজ্ঞান ও উন্মুক্ত তথ্যসেবা পেয়ে সত্যিকারভাবে উন্নত সমাজ গঠনে সহযোগী হতে পারবেন।’
এবারই প্রথম উৎসবে যোগ দিয়েছে ওকেএফ নেপালের দূত প্রকাশ নেউপানি। দীর্ঘদিন ধরে ওপেন ডেটা, ওপেন এডুকেশন নিয়ে কাজ করা প্রকাশ জানান, ‘আমাদের এখন এশিয়ায় কীভাবে মুক্তজ্ঞান, ওপেন ডেটার বিষয়গুলো ছড়িয়ে দেওয়া যায় সে বিষয়গুলো ভাবতে হবে। তবে এ উদ্যোগের ফলে সত্যিকারভাবে গড়ে উঠবে উন্নত সমাজব্যবস্থা। আশা করছি এশিয়াতেও এ বিষয়টির প্রতিফলন পাওয়া যাবে।’ সম্মেলনের শুরুর দিনেই বিভিন্ন দেশের ওপেন নলেজের দূতদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তাতে এশিয়ার বিষয়টি জোরালোভাবে উঠে এসেছে। ওপেন নলেজের আন্তর্জাতিক কমিউনিটি ব্যবস্থাপক ক্রিস্টিয়ান ভিলিউম বলেন, ‘আমরা এশিয়ার বিভিন্ন দেশের ব্যাপারে ভাবছি। আশা করছি এ অঞ্চলের দেশগুলোতেও ওপেন নলেজ ভালোভাবে কাজ করতে পারবে।’
মুক্ততথ্য, মুক্তজ্ঞান
এবারের উৎসবেও ছিল মুক্ততথ্য ও মুক্তজ্ঞান ছড়িয়ে দেওয়ার আহ্বান। উৎসবে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিদের এ আহ্বান জানানো হয় এবং সেটি নিজ নিজ দেশে ছড়িয়ে দেওয়ার কথাও বলা হয়। উন্নত সমাজ গঠনে উন্মুক্ত সমাজ সবার কতটা প্রয়োজন, সে বিষয়টি নিয়েই পুরো উৎসবজুড়েই ছিল আলোচনা। স্বপ্নটা এখন অনেক বড়। মুক্তজ্ঞানকে ছড়িয়ে দিতে হবে সবার মাঝে।