মুক্তিযুদ্ধ কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতিহাসের খোঁজে শাবিপ্রবি লাইব্রেরির মুক্তিযুদ্ধ কর্নারে তিন শিক্ষার্থী
ইতিহাসের খোঁজে শাবিপ্রবি লাইব্রেরির মুক্তিযুদ্ধ কর্নারে তিন শিক্ষার্থী

ফেসবুক-টুইটারের যুগে তরুণদের কাছে বইয়ের আবেদন ফুরিয়ে গেছে কি না—এর পক্ষে-বিপক্ষে নানা মত রয়েছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত মুক্তিযুদ্ধ কর্নারে এলে একেবারে ভিন্ন চিত্র! এখানে বইপ্রেমী শিক্ষার্থীদের ভিড় মুক্তিযুদ্ধবিষয়ক বই পাঠে তাঁদের আগ্রহের বিষয়টিই জানান দেয়।

২০০৯ সালের ২৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির একটি অংশে স্থাপিত হয় মুক্তিযুদ্ধ কর্নার। বর্তমানে এ সংগ্রহশালায় মুক্তিযুদ্ধবিষয়ক এক হাজার ৫৩৩টি বই রয়েছে। শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানানোর স্বার্থে মুক্তিযুদ্ধবিষয়ক এ লাইব্রেরি গড়ে তোলা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের সহকারী লাইব্রেরিয়ান জাকারিয়া বিশ্বাস জানান।

রাজনৈতিক অস্থিরতার প্রভাবে চলতি মাসে লাইব্রেরিতে শিক্ষার্থীদের আনাগোনা কিছুটা কমে এলেও প্রতিদিন অর্ধশতাধিক শিক্ষার্থী লাইব্রেরিতে মুক্তিযুদ্ধের বই পড়তে আসেন। পদার্থবিজ্ঞান বিভাগের আবু তাহের খান ও  আবু সায়েদ এবং অর্থনীতি বিভাগের শোহায়েব—স্নাতকোত্তর পড়ুয়া এই তিন শিক্ষার্থী জানান, মুক্তিযুদ্ধের ইতিহাস জানার জন্য লাইব্রেরিটি একটি বৃহৎ তথ্যভান্ডার। তরুণ প্রজন্মকে দেশপ্রেমী করতে হলে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এ ধরনের একটি লাইব্রেরি প্রতিষ্ঠার প্রয়োজন।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমনা দাশ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে মুক্তিযুদ্ধবিষয়ক বই তেমন একটা পড়া হয়নি বললেই চলে। কর্নারটি চালু হওয়ার পর মুক্তিযুদ্ধের ইতিহাস জানার ব্যাপারে আগ্রহী হয়ে উঠি। সেই থেকে নিয়মিত লাইব্রেরিতে এসে মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক বই পড়ে আসছি। স্বাধীনতার প্রকৃত চেতনা ও উদ্দেশ্যগুলো পঠিত বই থেকেই অনুধাবন করতে পারছি।’

সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতকোত্তর প্রথম সেমিস্টারের শিক্ষার্থী আসিয়া খাতুন এই মুক্তিযুদ্ধ কর্নারে এসে অন্তত ২০টি বই পড়েছেন বলে জানিয়েছেন। তিনি জানান, মুক্তিযুদ্ধ কর্নারে বিভিন্ন লেখকের নানা বিষয়ের ওপর লিখিত বই রয়েছে। বধ্যভূমি, গণহত্যা, নির্যাতিত নারী, ইতিহাসসহ নানা বিষয়ের ওপর প্রচুর বই, তথ্য-উপাত্ত, মুক্তিযুদ্ধকালীন পত্রিকা, দুর্লভ আলোকচিত্র-পোস্টার ও সিডি-ভিসিডি রয়েছে। মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার জন্য এটি উপযুক্ত গবেষণাক্ষেত্র বলে তিনি মন্তব্য করেন।

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী শামসুন নাহার বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় আমাদের এই প্রিয় দেশটিতে কী হয়েছিল, কীভাবে পাকিস্তানি সেনাদের সঙ্গে এ দেশীয় দোসররা হত্যাযজ্ঞ চালিয়েছিল—সেসব জানার জন্য মুক্তিযুদ্ধ কর্নারে নিয়মিত আসি। মুক্তিযুদ্ধ সম্পর্কে আগে ভাসা ভাসা জ্ঞান ছিল আর এখন কর্নারটির কল্যাণে অনেক কিছুই জানি।

পরবর্তী প্রজন্মের কাছে সময়-সুযোগে এসব জ্ঞান ছড়িয়ে দেওয়ার ইচ্ছে রয়েছে।’