মুক্তিযুদ্ধ নিয়ে যত গেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিদেশি গেম খেলতে খেলতে অনেকের মনে হতে পারে, ইশ্! মুক্তিযুদ্ধ নিয়ে ভালো কোনো গেম যদি থাকত! তাদের জন্য জানানো যাচ্ছে, মুক্তিযুদ্ধ নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে বেশ কয়েকটি গেম। অ্যান্ড্রয়েডচালিত মোবাইল ফোনে অ্যাপ হিসেবে এসব গেম ডাউনলোড করে খেলতে পারেন।
এ রকম সাড়া জাগানো গেমের মধ্যে একটি হচ্ছে ‘হিরোজ অব ৭১’। গেমটি নিয়ে এর নির্মাতা প্রতিষ্ঠান পোর্টব্লিসের প্রধান নির্বাহী মাশা মুস্তাকিম ৬ নভেম্বর প্রথম আলোতে লিখেছেন, চার দেয়ালে ঘেরা শহুরে পরিবেশে বেড়ে ওঠা প্রায় সব কিশোর-তরুণেরই কম্পিউটার বা মুঠোফোনে গেমস খেলার অভিজ্ঞতা রয়েছে। গেম খেলার পাশাপাশি গেম নির্মাণেও আগ্রহ দেখা যায় নতুন প্রজন্মের কিশোর-তরুণদের। তাঁদের শুরুটা হয়েছিল এভাবেই। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে দুজন প্রোগ্রামার ও একজন আর্টিস্টের একটি দল নিয়ে শুরু করেন ফ্রিল্যান্স গেম নির্মাণ। ২০১৫ সালের শুরু থেকে দল ভারী হতে শুরু করে, গঠন হয় একটি গেম নির্মাণকারী প্রতিষ্ঠান—পোর্টব্লিস। তৈরি হয় মুক্তিযুদ্ধভিত্তিক মুঠোফোন গেম ‘হিরোজ অব সেভেনটি ওয়ান’। এখন পর্যন্ত এ গেমটির দুটি পর্ব নির্মাণ করা হয়েছে এবং প্রতিটিই আট-নয় লাখ বার করে ইনস্টল করা হয়েছে গুগল প্লে স্টোর থেকে। জনপ্রিয়তার দিক থেকে বাংলাদেশের তৈরি মুক্তিযুদ্ধভিত্তিক এটিই প্রথম মুঠোফোন গেম।
দেশকে শত্রুমুক্ত করার সাধ ‘হিরোজ অব ৭১’ খেলে একটু হলেও মেটানো যাবে! এই গেমে আপনি নিজেই হতে পারেন একাত্তরের একজন নায়ক। ১৯৭১ সালে ১৫ সেপ্টেম্বর। মধুমতী নদীর কোল ঘেঁষে বরিশালের প্রত্যন্ত গ্রাম শনিরচর। শামসু, বদি, তাপস, সজল, কবির—পাঁচজনের দলটির অভিযান এই গ্রামেই। সেখানে পাকিস্তানিরা ক্যাম্প করে আস্তানা গড়েছে, তাদের কাছ থেকে স্কুলঘরের ক্যাম্পটা দখল করতে হবে। দলের নেতা শামসু, তার নামেই এই খুদে গেরিলা দলের নাম ‘শামসু বাহিনী’। 

এক রাতে গেরিলা দল অতর্কিতে হামলা করে ক্যাম্পে। মেশিনগান আর গ্রেনেডের মুখে পাকিস্তানি বাহিনী দিশেহারা হয়ে পালিয়ে যায়। কিন্তু শামসুরা জানে, একটু পরে শত্রুরা আরও দলে ভারী হয়ে ফিরে আসবে। পাঁচজন মিলে খুব বেশিক্ষণ ক্যাম্পের দখল রাখতে পারবে না। আরও বড় দলের সাহায্য তাদের লাগবেই। ঠিক হয়, বদি যাবে কাছে মুক্তিযোদ্ধাদের আরেকটি দলকে নিয়ে আসতে। আর ততক্ষণ পর্যন্ত শামসু, সজল আর তাপস আটকে রাখবে পাকিস্তানি বাহিনীকে। হিরোজ অব ৭১ গেমের শুরু এখান থেকেই। মুক্তিযোদ্ধার ভূমিকায় থাকবেন আপনি। 
দেশে গেম তৈরি প্রসঙ্গে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার প্রথম আলোকে বলেন, ‘অনলাইনে-ওয়েবে আমাদের নিজস্ব ভাষার কনটেন্ট কম। মুক্তিযুদ্ধের ইতিহাস তো আরও কম। তবে কয়েকটি গেম, কিছু অ্যাপস ও ওয়েবপোর্টালের মাধ্যমে কিছু তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এটা সবে শুরু। যত সময় যাবে মুক্তিযুদ্ধ নিয়ে আরও বিষয় অনলাইনে আসবে। তবে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়কে এ ক্ষেত্রে আরও ভূমিকা নিতে হবে। এ ধরনের অ্যাপ বা উদ্যোগে বেসিস সব সময় সহযোগিতা করবে।’
বর্তমানে সরকারিভাবে অর্থায়ন ছাড়াও তরুণ উদ্যোক্তারা মুক্তিযুদ্ধ নিয়ে কিছু গেম ও অ্যাপ তৈরি করেছে। ধীরে ধীরে আরও বেশি গেম ও অ্যাপ তৈরি হবে।
মুক্তিযুদ্ধ নিয়ে আরও কিছু গেম
গুগল প্লে স্টোরে সেভেনটি ওয়ান লিখে সার্চ দিলে মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কয়েকটি গেম খুঁজে পাবেন। তবে মুক্তিযুদ্ধ নিয়ে গেমের ক্ষেত্রে সবচেয়ে পরিচিত কয়েকটি গেম হচ্ছে হিরোজ অব ৭১, ব্যাটল অব ৭১, ওয়্যার ৭১ প্রভৃতি।
ব্যাটল অব ৭১: সম্প্রতি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি কম্পিউটার গেম ‘ব্যাটল অব ৭১’ উদ্বোধন করেছে সফটওয়্যার ও গেম নির্মাতা প্রতিষ্ঠান ওয়াইসিইউ টেকনোলজি লিমিটেড। এটি পূর্ণাঙ্গ কম্পিউটার গেম। এতে বঙ্গবন্ধুর ত্রিমাত্রিক মডেল ব্যবহার করা হয়েছে। ভবিষ্যতে এর পরবর্তী সংস্করণ প্রকাশের পাশাপাশি মোবাইল গেম আকারেও প্রকাশ করা হবে। ৩০০ টাকা মূল্যের গেমটি সিডি আকারে শিগগিরই বাজারে এসেছে। গেমটি উন্নয়ন ও প্রকাশনা সহযোগিতা করেছে বেসিস। এ ছাড়া পৃষ্ঠপোষকতা করেছে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ, বিজয়, ক্রাফটিক আর্টস, একুশে টেলিভিশন ও পাঠাও।
ওয়ার ৭১: দ্য ফার্স্ট ডিফেন্স: ডিজিটালবি নামের একটি প্রতিষ্ঠানের তৈরি এ গেমটি গুগল প্লেস্টোরে ১০ হাজার থেকে ৫০ হাজারের মধ্যে ডাউনলোড হওয়ার বিষয়টি দেখাচ্ছে। এ ছাড়া ডিজিটালবির তৈরি পৃথক আরেকটি গেম ‘ভিআরওয়্যার ৭১’ ২৫ অক্টোবর উন্মুক্ত হয়েছে। মুক্তিযুদ্ধের ওপর নির্মিত বাংলাদেশে প্রথম ভার্চ্যুয়াল রিয়েলিটি নামক গেমটিতে প্রথম প্রতিরোধযুদ্ধ ফুটে উঠেছে। (https://play.google.com/store/apps/details?id=com.digitalblimited.VRWar)
অন্যান্য গেম
মুক্তিযুদ্ধ নিয়ে কয়েকটি গেম তৈরি হয়েছে ইতিমধ্যেই। গুগল প্লেস্টোরে গেলে খুঁজে পাবেন হিরোস অব ৭১: রিট্যালিয়েশন (https://play.google.com/store/apps/details? id=com.portbliss.ho71.retaliation)
গেরিলা ৭১ (https://play.google.com/store/apps/details?id=com.xeonoid.guerrilla) লিবারেশন ওয়্যার (https://play.google.com/store/apps/details?id=com.gmail.row4.deep.LiberationWar)

মুক্তিযুদ্ধ নিয়ে তথ্য
মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে আগ্রহী তরুণ প্রজন্ম। ইন্টারনেটে কিংবা স্মার্টফোনের অ্যাপ্লিকেশনে ১৯৭১ সম্পর্কে যত বেশি তথ্য থাকবে, তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তত বেশি পৌঁছে দেওয়া যাবে। ইন্টারনেটে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক তথ্য পাওয়া যায়। কোন সাইটে কী আছে জেনে নিন:

ফ্রিডম ইন দ্য এয়ার
দ্য ডেইলি স্টার ও গ্রামীণফোনের তত্ত্বাবধানে তৈরি মুক্তিযুদ্ধের অনলাইন সংগ্রহশালা এটি। মুক্তিযুদ্ধের তথ্য তো বটেই, অনেক অডিও-ভিডিও আছে এই পোর্টালে। আর আছে ছবির বড় এক সংগ্রহ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ের প্রতিদিনের ঘটনা পাওয়া যাবে এই ওয়েবসাইটের ‘ওয়ার ক্যালেন্ডার’ বিভাগে। দুর্লভ কিছু দলিলও পাওয়া যাবে। আরও আছে মুক্তিযুদ্ধ নিয়ে দেশবরেণ্য ব্যক্তিদের সাক্ষাৎকার। তাঁদের কথায়-আলোচনায় ফুটে উঠেছে মুক্তিযুদ্ধের ইতিহাস।
পোর্টালটির ঠিকানা: archive.thedailystar.net/news 2014/freedom-in-the-air

বাংলাদেশ জেনোসাইড আর্কাইভ
মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার জন্য চমৎকার ওয়েবসাইট এটি। ২০১০ সালে পেয়েছিল জাতীয় ই-কনটেন্ট এবং উন্নয়নের জন্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি পুরস্কার। ওয়েবসাইটটির টাইমলাইন অংশে মুক্তিযুদ্ধ এবং এর আগে ও পরের সময়ের ঘটনাপ্রবাহ ক্রমানুসারে লিপিবদ্ধ আছে। ভিডিও ও ফটো গ্যালারিতে মুক্তিযুদ্ধের সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ও আলোকচিত্র রয়েছে। সেই সঙ্গে মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্রের তালিকাও আছে। মুক্তিযুদ্ধের ওপর বেশ কিছু পরিসংখ্যানও দেখা যায় সেখানে। বেশ তথ্যবহুল এ ওয়েবসাইটটিতে মুক্তিযুদ্ধের ওপর অনেক নিবন্ধ পাওয়া যাবে। ঠিকানা: www.genocidebangladesh.org

মুক্তিযুদ্ধ জাদুঘর
মুক্তিযুদ্ধ জাদুঘরের ওয়েবসাইটে জাদুঘর নিয়ে যেমন তথ্য আছে, তেমন রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাসও। ঠিকানা: www.liberationwarmuseumbd.org

উইকিপিডিয়ায় মুক্তিযুদ্ধ
অনলাইনে সবচেয়ে বড় বিশ্বকোষ উইকিপিডিয়া। মুক্তিযুদ্ধ সম্পর্কেও আছে অনেক নিবন্ধ। সেখানে ঢুঁ মেরে জেনে নিতে পারেন অনেক না-জানা ইতিহাস। বিশ্বের অনেক ভাষাতেই সে তথ্য পাওয়া যাবে।
মূল নিবন্ধ: en.wikipedia.org/wiki/Bangladesh_Liberation_War
ঘটনাপ্রবাহ: en.wikipedia.org/wiki/Timeline_of_Bangladesh_Liberation_War

বাংলাপিডিয়া
বিশ্বকোষ বাংলাপিডিয়াতে আছে মুক্তিযুদ্ধের, মুক্তিযোদ্ধাদের নিয়ে অনেক নিবন্ধ। ঠিকানা: en.banglapedia.org/index.php? data-title=War_of_Liberation, _The

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়
মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শুরু করে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের তালিকা রয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটটিতে। ঠিকানা: www.molwa.gov.bd

অ্যাপ
মুক্তিযুদ্ধ নিয়ে কয়েকটি মোবাইল অ্যাপ রয়েছে।
একাত্তরের ডায়েরি
মূলত একাত্তরের দিনগুলোর ঘটনাপ্রবাহ নিয়েই অ্যাপটি তৈরি। তবে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্পর্কেও তথ্য আছে। অ্যাপটি চলে অ্যান্ড্রয়েডে। ঠিকানা: http://bit.ly/1NCajjb
মুক্তিযুদ্ধ
অ্যাপটিতে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের গৌরবময় ইতিহাস তুলে ধরা হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস, যুদ্ধের বিবরণ, নৃশংসতার ভয়াবহতা, মুক্তিযোদ্ধাদের সাহসিকতা, স্মৃতিস্তম্ভ সম্পর্কে জানা যাবে এটি থেকে। বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে হাতের মুঠোয় উপস্থাপন করা হয়েছে অ্যাপটি থেকে। সঙ্গে মানচিত্র ও ছবি ব্যবহার করে সুন্দর করে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে অ্যাপটিতে। ঠিকানা: http://bit.ly/1lGcOdV
আরও কিছু অ্যাপ—
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়: http://bit.ly/21GM79T
বাংলাদেশ: http://bit.ly/1lGbYgZ
মুক্তিযুদ্ধ: http://bit.ly/1XM1VZw
সাত বীরশ্রেষ্ঠ: http://bit.ly/1Obz1rc
একাত্তর: http://bit.ly/1XSXmHr