মুক্তিযুদ্ধের অনলাইন তথ্যভান্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাতা খুলতেই তৎকালীন রেসকোর্স ময়দানের সেই বিজয় মুহূর্তের ছবি। যেখানে ৯৩ হাজার সৈন্যসহ জেনারেল নিয়াজি মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। শুধু কি তাই? ওয়েব পোর্টালটির পরতে পরতে অনেক গর্বের মুক্তিযুদ্ধের উপাদান ছড়িয়ে আছে। অনেক অদেখা ছবি, না জানা কত কথা, মুক্তিযোদ্ধার মুখে সেসব দিনের কাহিনী—মোট কথা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের নির্ভুল তথ্য উপস্থাপন করাই এর উদ্দেশ্য। দ্য ডেইলি স্টার-এর উদ্যোগে এবং গ্রামীণফোনের সহযোগিতায় তৈরি ‘ফ্রিডম ইন দ্য এয়ার’ শিরোনামের তথ্যভান্ডারটি উদ্বোধন করা হয় গত ১৫ ডিসেম্বরে। পোর্টালটির ঠিকানা freedomintheair.thedailystar.net

দুর্লভ সব ছবি
হাজার শব্দের চেয়ে একটি ছবি যে অনেক বেশি কথা বলে তার সার্থক প্রমাণ মিলবে এখানে। হানাদার বাহিনীর নিষ্ঠুর সেই অভিযান, নির্মম-নিদারুণ সেই দিনগুলোর কথা ক্যামেরার ফ্রেমে ধারণ করেছেন দেশি-বিদেশি অনেক আলোকচিত্রী। তাঁদের ছবিগুলো সংগ্রহ করে যোগ করা হয়েছে এই পোর্টালটিতে। বিশেষ করে আন্তর্জাতিক সংস্থা ম্যাগনাম ও ডেইলি স্টার-এর সংগ্রহে থাকা ছবিগুলো দেখা যাবে এখানে।

মুক্তিযুদ্ধের ভিডিও
পাকিস্তানি বাহিনীর আগ্রাসন পৃথিবীর নিকৃষ্ট গণহত্যাগুলোর অন্যতম। মুক্তিযুদ্ধের ওপর নানা সময়ে অনেক তথ্যচিত্র, টিভি প্রতিবেদন, সাক্ষাৎকার, ব্যক্তিগত উদ্যোগে তৈরি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই ওয়েব পোর্টালটিতে এ রকম ৪৪টির বেশি ভিডিও ফাইল বিভিন্ন শ্রেণিতে ভাগ করে যোগ করা হয়েছে, যা মুক্তিযুদ্ধের সময়গুলো সম্পর্কে ধারণা দেবে।

মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার
বাংলাদেশের ইতিহাস ভিন্নভাবে লিখতে হতো, যদি না এই দেশের বীর সন্তানেরা সেদিন রুখে দাঁড়াত! তাঁদের দুঃসাহসিক সব অভিযান, কষ্টের সেই দিনগুলো কিংবা বিজয়ের আনন্দে ভাসার কথা শোনা যাবে তাঁদেরই জবানিতে। ডেইলি স্টার-এর উদ্যোগে সেই মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার যুক্ত করা হয়েছে এতে।

গণমাধ্যমের চোখে মুক্তিযুদ্ধ
মুক্তিযুদ্ধের দিনগুলোর ঘটনা সে সময় আন্তর্জাতিক নানা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সারা বিশ্ব আমাদের মুক্তিযুদ্ধকে কীভাবে দেখেছে, সেই তৃতীয় মতগুলো যুক্ত করা হয়েছে। সঙ্গে আছে মুক্তিযুদ্ধ ও সমসাময়িক ঘটনার ওপর নিবন্ধ, সাক্ষাৎকার ও আত্মজীবনী।

মুক্তিযুদ্ধের ঘটনাপ্রবাহ
মুক্তিযুদ্ধের মেয়াদকাল নয় মাস হলেও এর আগে ও পরের অনেক ঘটনা বাংলাদেশের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা, ভাষা আন্দোলন, গণ-অভ্যুত্থান এবং যুদ্ধের আগের বছরগুলোতে বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তনগুলো এসেছে, তা ১৯৪০ থেকে ১৯৭১ পর্যন্ত লিপিবদ্ধ করা হয়েছে পোর্টালটিতে। সঙ্গে মুক্তিযুদ্ধকে আরও ভালোভাবে জানার জন্য মুক্তিযুদ্ধের প্রতিটি দিনের ঘটনাপ্রবাহ পাওয়া যাবে যুদ্ধের ক্যালেন্ডারে।
দ্য ডেইলি স্টার-এর উদ্যোগে তৈরি হলেও আপনি নিজেও যুক্ত করতে পারেন এই মহৎ উদ্যোগে। আপনার কাছে থাকা মুক্তিযুদ্ধের যেকোনো ছবি, দলিল, বা অন্য কিছু পাঠিয়ে দিতে পারেন [email protected] ঠিকানায়। সবার সহযোগিতায় অনলাইন তথ্যভান্ডারটি একদিন সমৃদ্ধ হয়ে উঠবে।