মুক্তির পর মায়ামিতে ফিরলেন ম্যাকাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যান্টিভাইরাস সফটওয়্যার ম্যাকাফির প্রতিষ্ঠাতা জন ম্যাকাফি গুয়াতেমালা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আজ বৃহস্পতিবার মায়ামিতে ফিরেছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন। গুয়াতেমালায় আটক থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রে স্বাভাবিক জীবনে ফেরার কথা বলেছিলেন ৬৭ বছর বয়সী এ প্রযুক্তি-উদ্যোক্তা। গুয়াতেমালায় আটক হওয়ার আগে বেলিজে বাস করতেন তিনি। মার্কিন নাগরিক গ্রেগরি ফাউলকে খুনের দায়ে মধ্য আমেরিকার দেশ বেলিজের পুলিশ জন ম্যাকাফিকে সন্দেহ করে। তবে এমন অভিযোগ অস্বীকার করে আত্মগোপন করেন জন ম্যাকাফি। পরে তাঁকে গুয়াতেমালার পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে। এক সপ্তাহ আটক রাখার পর তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।যুক্তরাষ্ট্রে পৌঁছে ম্যাকাফি বলেছেন, আপাতত তাঁর কোনো পরিকল্পনা নেই। মায়ামিতেই কিছুদিন বিশ্রাম নেবেন এবং পরে কাজের কথা ভাববেন। আত্মগোপনে থাকা দিনগুলো সম্পর্কে তিনি বলেছেন, ‘আমাকে জঙ্গল ও সমুদ্র পাড়ি দিয়ে ছুটে বেড়াতে হয়েছে। আমাকে সাত দিন জেলও খাটতে হয়েছে।’ ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া সাক্ষাত্কারে জন ম্যাকাফি গুয়াতেমালার প্রেসিডেন্টের কাছে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। এদিকে, বেলিজের পুলিশ তাঁকে খুনি হিসেবে যে সন্দেহ করছে সে বিষয়ে তিনি পুলিশকে সহযোগিতা করতে চেয়েছেন। তবে তাঁকে রিমান্ডে নেওয়া যাবে না, এমনই শর্ত তাঁর। ম্যাকাফির দাবি, বেলিজের বিশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির প্রশ্ন তোলায় তাঁর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনা হয়েছে।উল্লেখ্য, জন ম্যাকাফির সঙ্গে বর্তমানে ম্যাকাফি অ্যান্টিভাইরাস প্রতিষ্ঠানটির কোনো সম্পর্ক নেই। ১৯৯০ সালের শুরুর দিকে তিনি ম্যাকাফি বিক্রি করে দেন। চার বছর আগে থেকে তিনি বেলিজে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। তাঁর বিরুদ্ধে মাদক তৈরি, সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্কসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।