
‘ঢাকা শহর আইস্যা আমার আশা পুরাইছে...’ সিনেমার জনপ্রিয় গানই প্রমাণ করে বাঙালি দ্রুত মুগ্ধ হয়। তারও আগে রবীন্দ্রনাথ লিখে গেছেন, ‘তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি...’। বাঙালির মুগ্ধতা নিয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয় শিশুর প্রতিভায় মুগ্ধ মা-বাবার কথা। শিশুসন্তান আছে—এমন কারও বাসায় বেড়াতে গেলে গান বা কবিতা আবৃত্তি শোনার ধৈর্য আপনার থাকতেই হবে। আর শিশুটির প্রতিভায় মুগ্ধতা প্রকাশের জন্য মুখস্থ রাখতে হবে দু-চারটি বাক্য।
এক চাকরিজীবী ভদ্রলোক তিন-তিনটি পুত্রসন্তানের পর এক কন্যার জনক হয়েছেন। লাঞ্চ টাইমে তিনি অফিস থেকে স্বল্প দূরত্বের বাসায় যান। বাচ্চা ছোট থাকায় একটু দেরিও হয়। সেদিন সেই দেরির স্থায়িত্ব দৃষ্টিকটুভাবে বেশি হলো। তাই ইনচার্জ ভদ্রলোককে জিজ্ঞেস করলেন, ‘এত দেরি করলেন কেন?’
: আর বলবেন না, স্যার! আসার আগে মেয়েটা যেভাবে ‘বাবা’ বলে ডেকে উঠল, কিছুক্ষণ না থেকে আসতে পারলাম না। তাই একটু দেরি হয়ে গেল আরকি...।
সামনাসামনি কেউ কিছু না বললেও ভদ্রলোক চলে যাওয়ার পর গবেষণা শুরু হলো। এত কম বয়সে বাচ্চা ‘বাবা’ বলে ডাকতে পারে কি না? যা হোক, ইনচার্জ ভদ্রলোক এই বলে আলোচনার ইতি টানলেন, ‘তিন ছেলের পর মেয়ে হলে আরও কম বয়সেই “বাবা” ডাকতে পারে।’
ইউরোপ-আমেরিকায় অনেক মানুষ বাচ্চাকাচ্চাসহ বিয়ে করে, নিজেদেরই বাচ্চা। আর অনেক বাঙালি বাচ্চাকাচ্চাসহ হানিমুন করে। এ রকম এক বাঙালি পরিবারের ঘটনা। পুত্রের এসএসসি পরীক্ষার পর স্বামী-স্ত্রী গেছেন কক্সবাজারে হানিমুন করতে। অফ সিজন বলে উঠেছেন দামি হোটেলে। সুইমিংপুলে অন্য এক হানিমুন কাপলের পারস্পরিক মুগ্ধতা দেখে স্ত্রী বললেন, ‘কিছুই তো শিখতে চাও না, ওদের দেখে শেখো।’ ভদ্রলোকের তখন তাঁর বসের কথা মনে পড়ে গেল। ছুটি নেওয়ার সময় বস বলেছিলেন, ‘হানিমুনের মুগ্ধতা তখনই কমতে থাকে, যখন স্বামী মনে করে সে অহেতুক খরচ করা মেয়েকে বিয়ে করেছে আর স্ত্রী মনে করে, সে একজন কৃপণ লোককে বিয়ে করেছে।’
একটু ফ্ল্যাশব্যাকে যাই। ভারত-পাকিস্তান টেস্ট ক্রিকেট ম্যাচের ধারাবিবরণী শোনার জন্য রেডিওর অ্যানটেনায় অতিরিক্ত তার লাগাত কেউ কেউ। সাদাকালো টিভিতে বাংলা সিনেমা দেখার জন্য উন্মুখ হয়ে থাকত অসংখ্য বাঙালি। ব্রাজিল বা আর্জেন্টিনার পতাকার দৈর্ঘ্যে মুগ্ধ হয়ে সময় কাটত কিছু তরুণের। আসলে নিস্তরঙ্গ জীবনে একটু উত্তেজনা তাদের মুগ্ধ করে রাখত কিছু সময়। বাদবাকি সময় তো তাকে রাস্তার মোড়ে শসা ছেলার মতো ‘বিশাল কর্মযজ্ঞ’ দেখেই মুগ্ধ হয়ে সময় কাটাতে হতো। টিভিতে রেসলিং দেখে মুগ্ধ হয় বাঙালি। একসময় জানা গেল, রেসলিংয়ের পুরোটাই নাকি অভিনয়। তাতে কিছু দর্শক কমেছে হয়তো, কিন্তু রেসলিংয়ের আকাশসম জনপ্রিয়তায় ধস নামেনি। আসলে মানুষ পেটানোর আদিম ইচ্ছা সুপ্ত থাকে মানুষের মনে। বাস্তবে পেটানো যাচ্ছে না, তাই দেখেই সুখ।
এখন মুগ্ধ হওয়ার কত আয়োজন। হাতে হাতে স্মার্টফোন আর ইন্টারনেট প্যাকেজ। সমস্যা একটাই—কী রেখে কী দেখি? কাকে রেখে কাকে দেখি? শেষ পর্যন্ত কোনোটাই দেখা হয় না। কোনোটাই জানা হয় না। বিশেষজ্ঞ বলতে তাই বাঙালি বোঝে ‘বিশেষভাবে অজ্ঞ’।
আর দেশের উন্নয়ন কর্মকাণ্ড, বিশেষ করে সুন্দরবনে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মতো উদ্যোগগুলো দেখে আমরা বড়ই মুগ্ধ! এতই মুগ্ধ যে সেই পুরোনো কৌতুকটা মনে পড়ে গেল। ঘোড়দৌড়ে সবশেষে আসা ঘোড়াটার মালিক বলেছিলেন, ‘আমার ঘোড়াটা আস্ত একটা বাঘের বাচ্চা! সবগুলারে কেমন খেদাইয়া নিয়ে আইল!’