মুঠোফোনে নাগরিক সেবা নিয়ে ফোরাম অনুষ্ঠিত
স্বাস্থ্যসহ সরকারি বিভিন্ন সেবা মুঠোফোনের মাধ্যমে জনগণের কাছে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ সম্পর্কে জানাতে ‘সেবা প্রদানে মুঠোফোনের প্রয়োজনীয়তা ও সঠিক ব্যবহার’ বিষয়ে বৃহস্পতিবার ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইনোভেশন ফোরামের আয়োজন করা হয়। খবর বিজ্ঞপ্তির।
সপ্তমবারের মতো আয়োজিত এ ফোরামে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তরের প্রধান উদ্ভাবন কর্মকর্তা ও উদ্ভাবন কর্মকর্তারা অংশ নেন। ফোরামে নাগরিক সেবায় এম-গভর্ন্যান্স (কেস স্টাডি ও কৌশল), বাংলাদেশ সরকার এবং বেসরকারি পর্যায়ে নেওয়া এম-গভর্নমেন্ট উদ্যোগ, এম-হেলথ, এম-ব্যাংকিং, মোবাইল ইকো সিস্টেম এবং কিছু প্রযুক্তিগত দিক নিয়ে আলোচনা করা হয়।
এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশে ও অন্যান্য দেশে এম-গভর্ন্যান্স স্ট্র্যাটেজি, অ্যাপলিকেশন্স ও সেবার ক্ষেত্রে উদ্ভাবনী বিষয়ে সচেতনতা সৃষ্টি করা সম্ভব হবে মনে করেন অংশগ্রহণকারীরা। এ ছাড়াও দেশে কীভবে মুঠোফোন ব্যবহার করে আরও সহজ ও দ্রুত নাগরিক সেবা দেওয়া যায় সে সম্পর্কে ধারণা দেওয়া সম্ভব হবে।
এই ফোরামে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সিনিয়র সচিব আবুল কালাম আজাদ, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এন এম জিয়াউল আলম এবং অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির প্রকল্প পরিচালক কবীর বিন আনোয়ার।