
রাস্তায় হাঁটার সময়, এমনকি রাস্তা পার হওয়ার সময় অনেকেই হাতের মুঠোফোন নিয়ে এতটাই ব্যস্ত থাকেন, যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনায় পড়া অসম্ভব কিছু নয়। অহরহ এমন দুর্ঘটনায় পড়ছে মানুষ। এই জীবনগুলো রক্ষায় শুধু ওই মানুষটির সাবধানতাই যথেষ্ট নয়। অনেক সময় রাস্তার মধ্যেই অতি জরুরি ফোন ধরতে হয়। এই অবস্থায় বাঁচার উপায় কী? অস্ট্রেলিয়ার সিডনি শহরে নেওয়া হয়েছে দারুণ এক উদ্যোগ। সেখানে রাস্তার ট্রাফিক বাতিগুলো এমনভাবে ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে এই ব্যস্ত মানুষগুলোর জীবন বাঁচানো সম্ভব হয়।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের সরকার রাস্তায় পরীক্ষামূলকভাবে একধরনের ট্রাফিক বাতি বসাতে যাচ্ছে, যাকে বলা হবে ‘গ্রাউন্ড লেভেল ট্রাফিক লাইট’। এটি সফল হলে আগামী দিনে এমন আরও বাতি বসানোর পরিকল্পনা করা হয়েছে। শহরের বাণিজ্যিক এলাকায় পাঁচটি ভিন্ন জায়গায় ছয় মাসের জন্য এই বাতিগুলো বসাতে খরচ হবে ২ লাখ ৫০ হাজার অস্ট্রেলীয় ডলার। ইউরোপের ছয়টি দেশের রাজধানী শহরে চালানো এক গবেষণায় দেখা গেছে, পথচারীদের ১৭ শতাংশই রাস্তায় হাঁটার সময় মুঠোফোনের পর্দায় অতিরিক্ত মনোযোগী থাকেন এবং তাঁদের বয়স ২৫ থেকে ৩৫-এর মধ্যে। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের রাস্তায় মারা যান ৬১ জন পথচারী, যা ২০১৪ সালের তুলনায় ৪৯ শতাংশ বেশি। কার্লন আরও বলেন, ‘এই বাতিগুলো তাঁদের উদ্দেশ করেই জ্বালানো হবে, যাঁরা খেয়াল করেন না রাস্তার কোথা দিয়ে তাঁরা হাঁটছেন।’ এ ধরনের বাতি ইতিমধ্যে বসানো হয়েছে জার্মানির মিউনিখের কাছে আউসবার্গ শহরের দুটি স্টেশনে। এর মধ্যে একটি স্টেশনে রেললাইনের পাশের ফুটপাতে ১৬টি বাতি বসানো হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের ইডাহো অঙ্গরাজ্যে রাখা হয়েছে জরিমানার ব্যবস্থা। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাস্তায় হাঁটার সময় বার্তা প্রদানে ব্যস্ত কাউকে পেলে সঙ্গে সঙ্গেই তাঁর কাছ থেকে আদায় করা হবে ৫০ মার্কিন ডলার জরিমানা!
দেব দুলাল গুহ, সূত্র: দ্য টেলিগ্রাফ