মুঠোফোন চার্জ দেওয়ার নতুন প্রযুক্তি!

মাইক্রোওয়েভ প্রযুক্তি মূলত খাবার গরম করার কাজেই ব্যবহার করা হয়। মাইক্রোওয়েভ সংকেত সংগ্রহ করে তা বিদ্যুত্শক্তিতে রূপান্তর করার পদ্ধতি উদ্ভাবনের দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। তাঁরা জানিয়েছেন, মাইক্রোওয়েভ থেকে সংগৃহীত তরঙ্গ থেকে উত্পন্ন বিদ্যুত্ মুঠোফোন চার্জে ব্যবহার করা যাবে।
যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দাবি করেছেন, তাঁদের উদ্ভাবিত প্রযুক্তিটি সৌরশক্তি থেকে যেভাবে সোলার প্যানেলে বিদ্যুত্ উত্পাদিত হয়, সে রকম দক্ষতার সঙ্গেই মাইক্রোওয়েভ সংগ্রহ করতে পারে।
গবেষকেরা জানান, তাঁরা মাইক্রোওয়েভ সংগ্রহ ও বিদ্যুত্ শক্তিতে রূপান্তর-প্রক্রিয়া উদ্ভাবনে মেটাম্যাটেরিয়ালস বা বিশেষ ধরনের কৃত্রিম উপাদান ব্যবহার করেছেন, যা বিভিন্ন ধরনের তরঙ্গ শক্তি সংগ্রহ করে তা রূপান্তর করে কাজে লাগানোর উপযোগী করতে পারে। এতে তাঁরা একটি সার্কিট বোর্ডের ওপর ফাইবারগ্লাস ও কপার কনডাকটার বসিয়েছেন।
মার্কিন গবেষকেরা দাবি করেন, ভবিষ্যতে কৃত্রিম উপগ্রহ, শব্দ বা ওয়াই-ফাই তরঙ্গ প্রভৃতি ক্ষেত্রেও এ প্রক্রিয়াটি ব্যবহার হবে।
গবেষকেরা আশা করছেন, মুঠোফোনে প্রযুক্তিটি বিল্ট ইন থাকলে দূর থেকেই তা চার্জ দেওয়া যাবে।
আগামী ডিসেম্বরে ‘অ্যাপ্লাইড ফিজিক্স লেটার্স’ সাময়িকীতে গবেষণা-সংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হবে।
অবশ্য মাইক্রোওয়েভকে কাজে লাগিয়ে বিদ্যুত্ উত্পাদনের ঘটনা এটাই প্রথম নয়। এর আগে জাপানের গবেষকেরা মাইক্রোওয়েভ ব্যবহার করে মুঠোফোনে চার্জ দেওয়ার পদ্ধতি উদ্ভাবন করার দাবি করেছিলেন। টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা মাইক্রোওয়েভ থেকে নির্গত অপ্রয়োজনীয় শক্তি সংগ্রহ করে তা মুঠোফোন চার্জ দেওয়ার পদ্ধতি উন্নয়নে কাজ করছেন।
গবেষকদের দাবি, মাইক্রোওয়েভ যখন খাবার গরম করার কাজে ব্যবহার করা হয়, তখন অনেক শক্তি কাজে লাগে না। এ শক্তিকে ব্যাটারিতে চার্জ দেওয়ার কাজে লাগানো যেতে পারে। এ শক্তি সংগ্রহের জন্য একটি যন্ত্র তৈরি করেছেন টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষক ওশিহিরো কাওয়াহারা ও তাঁর দল। গবেষকেরা জানিয়েছেন, তাঁদের তৈরি যন্ত্রটিতে একটি অ্যানটেনা রয়েছে, যা মাইক্রোওয়েভের অতিরিক্ত শক্তি সংগ্রহ করে এবং মুঠোফোনের চার্জার হিসেবে কাজ করতে পারে। জাপানের গবেষকেরা জানিয়েছেন, তাঁদের তৈরি প্রক্রিয়াটি এখনো উন্নয়নের পর্যায়ে রয়েছে। তাই এখনই মাইক্রোওয়েভকে চার্জারের বিকল্প হিসেবে ব্যবহার করা সম্ভব হবে না।