মুঠোফোন ব্যবহার নিয়ে বড় গবেষণা শুরু
লন্ডনের একদল গবেষক মুঠোফোন ব্যবহারের ঝুঁকি ও নিরাপত্তা নিয়ে বিশ্বের সবচেয়ে বড় গবেষণা শুরু করেছেন। এ প্রকল্পে আড়াই লাখ ফোন ব্যবহারকারীকে যুক্তরাজ্যসহ ইউরোপের পাঁচটি দেশে নিয়োগ করা হবে। বাকি দেশগুলো হচ্ছে ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন ও নেদারল্যান্ড। ২০ থেকে ৩০ বছর ধরে এ গবেষণা চলবে। মুঠোফোনের ব্যবহার স্বাস্থ্যের ওপর কী ধরনের প্রভাব ফেলে, তা সুনির্দিষ্টভাবে জানার জন্য এই গবেষণা চালানো হবে। মুঠোফোন স্বাস্থ্যের ওপর কী প্রভাব ফেলে—এ সম্পর্কে এত দিন অনেক গবেষণা চালানো হয়েছে। সেসব গবেষণায় দেখা গেছে, মুঠোফোন ব্যবহার করলে স্বাস্থ্যগত কোনো সমস্যা হয় না। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, এসব গবেষণা চালানো হয়েছে কম সময় নিয়ে। অল্প সময়ে চালানো গবেষণা থেকে কোনো সঠিক ফল আসে না। এ জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি গবেষণা। এ কারণে লন্ডনের গবেষকেরা দীর্ঘমেয়াদি এ গবেষণা চালানোর উদ্যোগ নিয়েছেন। কসমস নামের এ প্রকল্পে প্রথম পাঁচ বছর অর্থায়ন করবে যুক্তরাজ্যের মোবাইল টেলিকমিউনিকেশনস ও হেলথ রিসার্চ প্রোগ্রাম। গবেষকদের একজন লরি চ্যালিস বলেন, এ গবেষণা খুবই গুরুত্বপূর্ণ। কেননা মুঠোফোন ব্যবহারের ফলে ক্যানসার হতে পারে—এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এটা জানা খুবই জরুরি। তাই এ ধরনের দীর্ঘমেয়াদি গবেষণা প্রয়োজন। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান