বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় হাতব্যাগের সঙ্গে আলাদাভাবে মুঠোফোনটিও (সেলফোন) এক্স-রে করা হয়। অনেক সময় মনে হয়, এত সতর্কতার কী প্রয়োজন। কিন্তু আজকাল এমন মুঠোফোনও বের হয়েছে, যেগুলো আসলে দশমিক ২২ ক্যালিবার পিস্তল। বিশেষ ধরনের এসব পিস্তল দেখতে অবিকল মুঠোফোন সেটের মতো। আকার-আকৃতিতে একই রকম। শুধু ওজন একটু বেশি। সেটের ওপরের দিকে চারটি ফুটো থাকে, যা বাতি বা অন্য কোনো কাজের জন্য নয়। সেটের ভেতরে থাকে বুলেট। চোরাচালানের সময় ২০০০ সালে ইউরোপে এ রকম বিপজ্জনক মুঠোফোন ধরা পড়ে। এর পর থেকে কোনো নিরাপত্তাচৌকিতে তল্লাশির সময় কেউ হাতে মুঠোফোন তুলে নিতে চাইলে তাকে সন্দেহের চোখে দেখা হয় এবং নিরাপত্তারক্ষীরা সতর্কতা হিসেবে ওই ব্যক্তির দিকে আগ্নেয়াস্ত্র তাক করে রাখেন। কারণ, ওটা মোবাইল পিস্তল কি না, কে জানে? একই কারণে বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় মুঠোফোন এক্স-রে মেশিনের মধ্য দিয়ে পার করে দেখা হয়, ওটা পিস্তল কি না।