মুঠোফোনে অপচয় ৫০০ কোটি পাউন্ড
অপারেটরদের সঙ্গে ভুল চুক্তির কারণে যুক্তরাজ্যের মুঠোফোন ব্যবহারকারীদের তিন-চতুর্থাংশের প্রতিবছর ৫০০ কোটি পাউন্ড অপচয় হয়। এর মূল কারণ, গ্রাহকেরা প্রতি মাসে মুঠোফোনে যে যতটুকু সময় কথা বলবেন, তার চেয়ে অতিরিক্ত টকটাইম প্ল্যান তাঁরা অপারেটরদের কাছ থেকে কেনেন। কিন্তু মাত্র এক-চতুর্থাংশ ব্যবহার করেন। সম্প্রতি প্রকাশিত গণিতবিষয়ক সংস্থা ‘বিল মনিটর’-এর গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ২৮ হাজারেরও বেশি ফোন বিলের ওপর গবেষণাটি পরিচালনা করা হয়।গবেষণায় বলা হয়েছে, গ্রাহকেরা প্রত্যেকে গড়ে প্রতি মাসে ৩০০টি টেক্সট বার্তা পাঠিয়ে থাকেন। এ ছাড়া গ্রাহকেরা প্রতিবছর টেক্সট বার্তা বা ফোন করে যে পরিমাণ তথ্য আদান-প্রদান করেন, তাঁর দ্বিগুণ তথ্য আদান-প্রদান করেন স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করে। প্রত্যেক মুঠোফোন গ্রাহক গড়ে প্রতিবছর ৪৩৯ পাউন্ড ব্যয় করেন। বিল মনিটর জানান, মাসে টকটাইম প্ল্যান অনুযায়ী, বরাদ্দকৃত ব্যবহারসীমার অতিরিক্ত ব্যবহার করলে গ্রাহকদের অনেক বেশি পরিমাণ অর্থ গুনতে হয়। আর এ ভয়ে গ্রাহকেরা বেশি পরিমাণ ব্যবহারসীমা অপারেটরদের কাছ থেকে কিনে থাকেন। গ্রাহকদের মধ্যে এ ভয় এতই বেশি যে তাঁরা প্রয়োজনের তুলনায় চার গুণ বেশি টকটাইম প্ল্যান কিনে থাকেন। তিন-চতুর্থাংশেরও বেশি গ্রাহক মাসে অপারেটর কর্তৃক বরাদ্দকৃত মিনিটের বেশি কখনোই খরচ করেন না। —বিবিসি অবলম্বনে কৌশিক আহমেদ