মুঠোফোনে চাকরির বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বহুজাতিক কোম্পানি মহিন্দ্র গ্রুপের প্রতিষ্ঠান ক্যানভাসএম চাকরিপ্রার্থীদের জন্য ‘সরল রোজগার’ নামে মুঠোফোনভিত্তিক একটি সেবা চালু করেছে। গত শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে এর উদ্বোধন করা হয়।ওই সেবার আওতায় চাকরিসম্পর্কিত যাবতীয় তথ্য চাকরিপ্রত্যাশীদের জানিয়ে দেওয়া হবে। এ জন্য প্রতি মাসে তাঁদের ৩০ রুপি করে পরিশোধ করতে হবে। এ ছাড়া চাকরিদাতারাও ওই সেবার আওতায় চাকরিপ্রার্থীদের সঙ্গে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। এ ক্ষেত্রে প্রতি কলের জন্য চাকরিদাতাদের পাঁচ রুপি করে পরিশোধ করতে হবে। ক্যানভাসএমের প্রধান নির্বাহী কর্মকর্তা জগদীশ মিত্র বলেন, ‘চাকরিপ্রত্যাশীরা একটি নির্দিষ্ট নম্বরে ডায়াল করে এ সেবা নেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন। এই নম্বরে যোগাযোগ করলে আমাদের কলসেন্টার থেকে নিবন্ধনের যাবতীয় নিয়ম জানিয়ে দেওয়া হবে। নিবন্ধনকারীদের মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে বা ডায়াল করে চাকরির যাবতীয় তথ্য জানিয়ে দেওয়া হবে।’ জগদীশ মিত্র আরও বলেন, ‘ভারতের যেকোনো অংশ থেকে চাকরিপ্রত্যাশীরা এ সেবার জন্য নিবন্ধন করতে পারবেন। প্রাথমিকভাবে নয়াদিল্লির সর্বত্র এ সেবা পাওয়া যাবে। আগামী বছরের এপ্রিল থেকে ভারতের সর্বত্র আমাদের এ সেবা চালুর পরিকল্পনা রয়েছে।’ —এএফপি অবলম্বনে আবুল হোসেন