যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো শহরে এখন থেকে মুঠোফোন বিক্রি করতে চাইলে সেটের গায়ে বিকিরণের মাত্রা অবশ্যই উল্লেখ করতে হবে। শহরটির তত্ত্বাবধায়ক পরিষদে ১০-১ ভোটে সম্প্রতি এই বিধান প্রবর্তিত হয়েছে। শহরের মেয়রের পক্ষ থেকে জানানো হয় ‘মুঠোফোন ব্যবহারকে নিরুৎসাহিত করা এই বিধানের উদ্দেশ্য নয়। এটি ব্যবহারকারীদের বিকীর্ণ শক্তি ও এর ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করে তুলবে।’ তবে মুঠোফোন নির্মাতাদের সংগঠন ‘সেলুলার টেলিকমিউনিকেশন অ্যান্ড ইন্টারনেট অ্যাসোসিয়েশন’ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তাদের অসন্তোষের কথা জানিয়েছে। সংগঠনের সহসভাপতি জন ওয়ালসের অভিযোগ ‘এ ধরনের বিধান ক্রেতাসাধারণকে আরও বেশি দ্বিধাদ্বন্দ্বে ফেলবে।’ সান ফ্রান্সিসকো শহরের তত্ত্বাবধায়ক পরিষদের এই বিধান সব উৎপাদনকারী ও বিক্রেতাকে অবশ্যই মেনে চলতে হবে। আইন অমান্যের শাস্তি ৩০০ ডলার জরিমানা। এর আগে চলতি মাসের প্রথম দিকে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্রাদেশিক পরিষদে রাজ্য সিনেটর মার্ক লেনো এ ধরনের একটি বিল আনলেও মুঠোফোন শিল্পসংশ্লিষ্ট সংগঠনগুলোর বাধার মুখে তা অনুমোদন পায়নি। প্রসঙ্গত, মুঠোফোনে কথা বলার সময় এর থেকে তড়িৎচ্চৌম্বকীয় তরঙ্গ বিকিরিত হয়। মানবদেহ একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত এই বিকিরণ সহ্য করতে পারে। যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল কমিউনিকেশন্স কমিশন’ বিকিরণের নিরাপদ সীমা বেঁধে দিয়েছে। বিকিরণের শক্তিমাত্রা এর চেয়ে বেশি হলে মানবদেহে ক্যানসার, মস্তিষ্কের টিউমার ইত্যাদির ঝুঁকি বেড়ে যায় বলে ধারণা করা হয়। —বিবিসি অবলম্বনে সুজয় দাস