মুঠোফোনের জন্য অপেরা মিনির নতুন সংস্করণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে ব্যবহার উপযোগী অপেরা মিনির নতুন সংস্করণ অবমুক্ত হয়েছে। অপেরা মিনি ৫.১ নামের এই সংস্করণ মুঠোফোনের মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রোয়েডের উপযোগী করে তৈরি। এ সংস্করণে রয়েছে নানা নতুন বৈশিষ্ট্য। মুঠোফোনের বাইরে কম্পিউটারে ব্যবহারের ক্ষেত্রে ওয়েবসাইট দেখার সফটওয়্যার ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, ক্রোমের পাশাপাশি অপেরার বিশেষ অবস্থান রয়েছে। তবে মুঠোফোনে ব্যবহারের জন্য শীর্ষে রয়েছে অপেরা মিনি যা ব্যবহারকারীদেরও পছন্দের তালিকায় সবার আগে রয়েছে। অপেরা মিনির নতুন এ সংস্করণে ট্যাব-সুবিধা, গোপন নম্বর, বুকমার্ক ও স্পিড ডায়ালের সুবিধাসহ যুক্ত হয়েছে নানা বৈশিষ্ট্য। পাশাপাশি এ সংস্করণ থেকে অ্যান্ড্রোয়েড-চালিত ফোনে নির্ধারিতভাবে অপেরা মিনি সফটওয়্যার থাকবে। দুটি প্রতিষ্ঠান এ ব্যাপারে একসঙ্গে কাজ করবে বলে জানা গেছে। টেলিযোগাযোগ ও ওয়্যারলেস গবেষক জেফ কাগান বলেন, মুঠোফোন ব্রাউজারের ক্ষেত্রে অপেরা বর্তমানে জনপ্রিয় একটি নাম এবং মুঠোফোন অপারেটিং সিস্টেমের মধ্যে অ্যান্ড্রোয়েড বিশেষ জায়গায় রয়েছে। দুটি প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করায় উন্নত সেবা পাবেন গ্রাহকেরা। অপেরা সফটওয়্যার জানায়, বর্তমানে সারা বিশ্বে প্রায় ছয় কোটি এক লাখ ব্যবহারকারী মুঠোফোনে অপেরা মিনি ব্যবহার করেন এবং প্রায় তিন হাজার মডেলের মুঠোফোনে অপেরা মিনি সমর্থন করে। অপেরা মিনির এ জনপ্রিয়তার মধ্যে রয়েছে প্রায় ৯০ শতাংশ তথ্য দ্রুত কাজ করার মতো বৈশিষ্ট যার ফলে খরচও অনেক কম হয়। আইফোনের উপযোগী অপেরা মিনি মুক্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই প্রায় ১০ লাখ বার নামানো হয়েছে। বাজার-গবেষক নেট অ্যাপ্লিকেশনের মতে, ব্রাউজার বাজারে বর্তমানে শীর্ষে রয়েছে ইন্টারনেট এক্সপ্লোরার, যার মার্কেট শেয়ার ৬০.৩২ শতাংশ। এরপর ফায়ারফক্সের ২৩.৮১, ক্রোমের ৭.২৪, সাফারির ৪.৮৫ ও অপেরার ২.২৭ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে। কম্পিউটারে ব্যবহারের ক্ষেত্রে অপেররা অবস্থান সবার পরে হলেও মোবাইলের ক্ষেত্রে তা পুরো উল্টো। নতুন এ সংস্করণটি m.opera.com সাইট থেকে নামানো যাবে। —টেকনিউজওয়ার্ল্ড অবলম্বনে নুরুন্নবী চৌধুরী