মুঠোফোনের জন্যই হতো ফেসবুক!
স্পেনের বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফেসবুকের প্রধান কারিগরি কর্মকর্তা ব্রেট টেইলর বলেছেন, সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ যদি এ সময় ফেসবুক তৈরি করতেন, তবে তা হয়তো হতো শুধু মুঠোফোনের জন্য, কম্পিউটারের জন্য নয়! কংগ্রেসে নিজের একটি উপস্থাপনায় এ কথা বলেন ব্রেট। এ ছাড়া বর্তমানে সামাজিক যোগাযোগের অবিস্মরণীয় বিকাশের পেছনে বর্তমান সময়ে আধুনিক মুঠোফোনের অসাধারণ ভূমিকার কথাও বলেন তিনি। মুঠোফোনের সামাজিক যোগাযোগসুবিধা ব্যবহার করে ব্যবহারকারীরা দ্রুত নিজেদের তাৎক্ষণিক ছবি, তথ্য ইত্যাদি সবার মাঝে ছড়িয়ে দিতে পারেন, যা প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বড় একটি সুবিধা। এর আগে মুঠোফোনের ক্রমবর্ধমান প্রযুক্তি ব্যবহারের সুযোগ বাড়ায় গুগলের নির্বাহী চেয়ারম্যান এরিক স্মিথ বলেছিলেন, ‘মোবাইল ফার্স্ট’। মুঠোফোনের মাধ্যমে ফেসবুকের ব্যবহার বাড়ার হার দারুণভাবে বাড়ছে বলেও জানিয়েছেন সামাজিক যোগাযোগ বিশেষজ্ঞরা। বিভিন্ন মুঠোফোনে তাই ফেসবুকের জন্য নির্দিষ্ট অ্যাপস ছাড়াও আছে ফেসবুক বাটনও! এ ছাড়া মুঠোফোনে ফেসবুকের ইন্টারফেসও অনেক সুন্দর দেখায় বলে সম্প্রতি এক গবেষণায় জানানো হয়েছে। ব্রেক জানিয়েছেন, ফেসবুকের জন্য মুঠোফোন হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ডিভাইস। তবে এত কিছুর পরও বিভিন্ন দেশে কম্পিউটার ও মুঠোফোনে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। অনেক দেশেই দেখা যায় ৯০ শতাংশ ব্যবহারকারীই মুঠোফোনে ফেসবুক ব্যবহার করেন, আবার অন্যদিকে অনেক দেশে মাত্র ৩০ শতাংশ ব্যবহারকারী মুঠোফোনে ফেসবুক ব্যবহার করেন। এ ভিন্নতার পরও মুঠোফোনে ফেসবুক-ভিত্তিক সুবিধার দিকেই বেশি জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। আর এ কাজটিও ফেসবুকের জন্য লাভজনক হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আশফাক আলম