মুঠোফোনের বাংলা কি-প্যাডের প্রমিত মান
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) সম্প্রতি কম্পিউটারে বাংলা বর্ণমালার জন্য বিদ্যমান কোড সেটের মান বিডিএস ১৫২০:২০০০ কে হালনাগাদ করা এবং মুঠোফোনে বাংলা ব্যবহারের জন্য মোবাইল বাংলা কি-প্যাডের মান উন্নয়নের উদ্যোগ নিয়েছে। ইউনিকোডভিত্তিক বাংলা ও চিহ্নের ব্যবহারের মাধ্যমে তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যাপক বিস্তারের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। খবর বিজ্ঞপ্তির। ‘তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা প্রমিতকরণ-সংক্রান্ত’ কমিটির মাধ্যমে বাংলা বর্ণমালার বর্তমান কোড সেট ইউনিকোড ৬-এর ভিত্তিতে হালনাগাদ করা হয়। এ কমিটির মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সহায়তায় তৈরি করা মোবাইল বাংলা কি-প্যাডও চূড়ান্ত করা হয়। মান ঘোষণার জন্য গত বছরের বিএসটিআইতে সংশ্লিষ্ট বিভাগীয় কমিটি গত ২৫ জানুয়ারি প্রস্তাবিত মান দুটি অনুমোদন করে। বিএসটিআই কর্তৃপক্ষ ১৫ ফেব্রুয়ারি বাংলা বর্ণমালার হালনাগাদ করা কোডের মান হিসেবে বিডিএস ১৫২০:২০১১ এবং মোবাইল বাংলা কি-প্যাডের মান হিসেবে বিডিএস ১৮৩৪:২০১১ অনুমোদন করে। এ দুটি প্রমিত মান ব্যবহারের মাধ্যমে বাংলা ভাষাভিত্তিক সফটওয়্যার তৈরি, মোবাইল ফোনের প্রোগ্রাম উন্নয়ন, বাংলায় এসএমএসের মাধ্যমে বিভিন্ন সেবা দেওয়া সহজ হবে এবং এসব ক্ষেত্রে ভিন্নতাও নিরসন হবে।