মুঠোফোনের মহাকাশযাত্রা
মুঠোফোন এখন কোথায় নেই? যোগাযোগ স্থাপনকারী এই খুদে যন্ত্রটি এবার পাড়ি জমাচ্ছে মহাকাশেও! যুক্তরাজ্যের সারে স্যাটেলাইট টেকনোলজি লিমিটেড (এসএসটিএল) নামের একটি প্রতিষ্ঠান এর উদ্যোক্তা। কিন্তু এত জায়গা থাকতে মহাকাশে কেন? এর উত্তরে এসএসটিএল জানাচ্ছে, এখনকার বেশ কিছু মুঠোফোন যদি ভিন্ন কোনো পরিবেশেও কেরামতি দেখাতে পারে, তাহলে অনেক অজানা তথ্যই আমাদের হাতের নাগালে চলে আসবে। মহাকাশে পাঠানোর জন্য যে মুঠোফোন বাছাই করা হয়েছে, তা চলবে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। তবে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো মডেলের কথা জানাননি গবেষকেরা।৩০ সেন্টিমিটার লম্বা একটি কৃত্রিম উপগ্রহ নিয়ন্ত্রণ করতেই মূলত মুঠোফোনটিকে ব্যবহার করা হবে এবং তা এ বছরের শেষ নাগাদ মহাকাশ থেকে পৃথিবীর ছবিও ধারণ করবে বলে আশা করা হচ্ছে। পৃথিবীপৃষ্ঠ থেকে মুঠোফোনটিকে প্রায় ১০০ কিলোমিটার দূরে পাঠানোর পরিকল্পনা করেছে এসএসটিএল। এর আগে বেলুনের সঙ্গে যুক্ত একটি মুঠোফোন অবশ্য বেশ উঁচু থেকে ঘুরে এসেছে।মুঠোফোনের মহাকাশযাত্রা নিয়ে বললেন এসএসটিএলের প্রকল্প ব্যবস্থাপক শ্যান কেনঅন, ‘আধুনিক মুঠোফোনগুলো দারুণ বিস্ময়কর। এই যন্ত্রগুলোর প্রসেসর এখন ১ গিগাহার্টজের ওপরেও হতে পারে এবং এতে ফ্ল্যাশ মেমোরি লোড করা যায়। তাই আমরা দেখতে চাইছি, ভিন্ন পরিবেশে এই মুঠোফোন কেমন কাজ করে এবং তা কোনো কৃত্রিম উপগ্রহ নিয়ন্ত্রণ করতে পারে কি না।’ —বিবিসি অবলম্বনে মাহফুজ রহমান