
প্রায় সব সময়ই থাকে, এমন যন্ত্রের কথা বললে মুঠোফোনের নামই চলে আসে। দিনে দিনে সাধারণ মুঠোফোনের জায়গায় চলে আসছে স্মার্টফোন। প্রতিদিন যেহেতু ব্যবহূত হয়, তাই মোবাইল বা স্মার্টফোনের যত্নআত্তির বিষয়টিও জরুরি। কিছু সাধারণ নিয়ম মানলেই মুঠোফোনটিকে ভালো রাখা যায় অনেক দিন।
বর্তমানে কয়েকটি ফোনে পানি-নিরোধক ব্যবস্থা যুক্ত হয়েছে। তবে বেশির ভাগ মুঠোফোনের ক্ষেত্রে পানি হলো বড় শত্রু। তাই পানি থেকে সাবধান! সতর্ক থাকার পরও যদি হঠাৎ করে পানিতে মুঠোফোনটি পড়ে যায়, প্রথমেই ব্যাটারি খুলে ফেলতে হবে। যত দ্রুত সম্ভব ফোনটি শুকিয়ে নিতে হবে। আলোর মধ্যে নিয়ে যতটা সম্ভব শুকিয়ে দ্রুত মোবাইল সার্ভিস সেন্টারে যেতে হবে।
মুঠোফোনে চার্জ থাকা অবস্থায় আবার চার্জ দেওয়া ঠিক নয়। চার্জ শেষ হলেই কেবল চার্জ করা উচিত।
অনেকেই মুঠোফোন চার্জে দিয়ে কথা বলেন, যা ঠিক নয়। কথা বলার দরকার হলে চার্জার থেকে মুঠোফোনটি খুলে তারপর কথা বলুন।
দীর্ঘ সময় ধরে যেমন চার্জ দেওয়া উচিত নয়, তেমনি পুরো চার্জের আগেই মুঠোফোন ব্যবহার করা ঠিক নয়। যতটুকু প্রয়োজন, ঠিক ততটুকুই চার্জ দিতে হবে ফোনে—বললেন সাইম ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী কামাল হোসেন।
মুঠোফোনের খুঁটিনাটি নিয়ে কাজ করেন ব্যবসায়ী কাজী আশরাফ উদ্দিন আহমেদ। স্মার্টফোন সুরক্ষায় তিনি নানা ধরনের পদ্ধতি ব্যবহার করেন। এতে তাঁর নিজের স্মার্টফোন বেশ সুরক্ষিত থাকে। নিয়মিত ব্যবহার করেন এমন কিছু পদ্ধতির বিষয়ে তিনি জানান, স্মার্টফোনের ক্ষেত্রে চার্জ একটি বড় সমস্যা। এতে দ্রুত চার্জ ফুরিয়ে যায়। এ ক্ষেত্রে চার্জ ধরে রাখতে চাইলে আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী অ্যাপস ব্যবহার করতে পারেন। এ ছাড়া কিছু নিয়ম মেনে ব্যবহার করলে চার্জ বাঁচবে।
প্রয়োজন ছাড়া ব্লুটুথ এবং ওয়াই-ফাই বন্ধ রাখুন। যদি একান্তই কিছু সময়ে দ্রুত চার্জ দেওয়ার সুবিধা না থাকে, সে ক্ষেত্রে মুঠোফোনে থাকা স্বয়ংক্রিয় সিংক্রোনাইজেশন পদ্ধতিটি বন্ধ করে রাখতে পারেন।
স্মার্টফোনে সাধারণত ইন্টারনেট চালু থাকলে স্বয়ংক্রিয়ভাবে সিংক্রোনাইজেশন হয়। এ কাজটি চাইলে বন্ধও রাখতে পারেন, আবার প্রয়োজনীয় বিষয়গুলো শুধু চালু রেখে বাকিগুলো বন্ধ করে দিতে পারেন।
চাইলে পর্দার উজ্জ্বলতা কমিয়ে রাখতে পারেন। বড় পর্দার মুঠোফোনের পর্দা সুরক্ষা দিতে ‘স্ক্রিন প্রটেক্টর’ লাগাতে পারেন। এতে করে মুঠোফোনের মূল পর্দায় দাগ (স্ক্র্যাচ) পড়বে না। তবে বর্তমানে অনেক স্মার্টফোনের পর্দায় গরিলা গ্লাস থাকায় সুরক্ষা পর্দা লাগানো না-ও লাগতে পারে। সে ক্ষেত্রে জেনে নিন আপনার স্মার্টফোনের পর্দাটি গরিলা গ্লাসের কি না। পুরো মুঠোফোনের সুরক্ষায় আলাদা কভার লাগাতে পারেন। বর্তমানে বাজারে নানা ধরনের কভার পাওয়া যায়। পছন্দ অনুযায়ী আপনারটা ব্যবহার করতে পারেন। যতটা সম্ভব ভাইব্রেশন অবস্থায় ফোন কম রাখাই ভালো। টানা কথা বললে কিংবা দীর্ঘ সময় ধরে ইন্টারনেট ব্যবহার করতে থাকলে অনেকের ফোন গরম হয়ে যায়। সে ক্ষেত্রে ভালো পরামর্শ হলো ফোনটিকে কিছু সময়ের জন্য বিশ্রাম দেওয়া। অর্থাৎ, এমন অবস্থা হলে কিছু সময় ফোনটির মাধ্যমে কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহার থেকে বিরত থাকুন।
বর্তমানে ফোন নম্বর গুরুত্বপূর্ণ সম্পদের মতোই। তাই ফোন নম্বর আপনার মুঠোফোনের অপারেটিং সিস্টেম অনুযায়ী সংরক্ষণ করুন, যাতে করে মুঠোফোন পরিবর্তন হলেও নম্বরগুলো সহজে পেতে পারেন। এ ক্ষেত্রে বড় একটি সুবিধা জি-মেইলের কন্টাক্ট তালিকা। এখানে চাইলে আপনার সব নম্বর সংরক্ষণ করে রাখতে পারেন। যেকোনো সময়ে প্রয়োজন হলে জি-মেইলে লগ-ইন করে নম্বরগুলো পেয়ে যাবেন।