
মে মাসের প্রথম সপ্তাহ। পচা গরমে শরীর হাঁসফাঁস। অভিজাত স্কুলের গাছপালাঘেরা খোলামেলা দালান, তাই রক্ষা। তবে গরমের ছুটির আর মোটে দিন দুয়েক অপেক্ষা, তারপর আর পায় কে! ক্লাস টেনের রুমে বসে একমনে পেনসিল চিবুতে চিবুতে সে কথাই ভাবছিলাম। সদ্য শেষ হওয়া অর্ধবার্ষিক পরীক্ষার খাতা দেখানো হচ্ছে, তাই বেশ একটা চাপা উত্তেজনা। আমি অবশ্য ‘রাগ-দুঃখ-ভয়—তিন থাকতে নয়’ গোছের দর্শনে বিশ্বাসী। তাই আপাতত মা কী দিয়েছেন, সেটা নিয়ে গবেষণায় ব্যস্ত। ইতিহাসের দিদিমণি মিসেস রয় ক্লাসে ঢুকলেন। হাতে যথারীতি উত্তরপত্রের গোছা।
‘এগুলো তোমাদের নয়, তোমরা কাল পাবে।’ ব্যক্তিত্বময়ী সদাপ্রসন্ন দিদিমণি আজ মনে হলো তেমন প্রসন্ন নন। নিজের জায়গায় বসে গম্ভীর মুখে জানতে চাইলেন, ‘এক্স-এ-র মিতালি বসুকে চেনো তোমরা?’ চুপচাপ নিরীহ মিতালি হঠাৎ এত বিখ্যাত কী করে হলো, ভাবার চেষ্টা করছি। দিদি নিজেই ব্যাপারটা খোলাসা করলেন, ‘একটু আগে মিতালির খাতা চেক করলাম, তাই ওর ব্যাপারে আগ্রহ বোধ করছি।’
আমি তো শুনে থ! মিতালি তো জানতাম পড়াশোনায় আমার থেকেও সরেস। এর আগে আমরা এক সেকশনে পড়েছি। যা হোক, দিদিমণি তাঁর উদাত্ত গলায় বলতে শুরু করলেন, ‘তোমাদের এখন মিতালির খাতা থেকে সম্রাট কনিষ্কের ওপর যে প্রশ্ন ছিল, তার উত্তর পড়ে শোনাচ্ছি। মন দিয়ে শুনে বলবে, কী বুঝলে।’ উত্তেজনায় এবং খানিক ঈর্ষায় আমার পেটের ভেতর গুড়গুড় অবস্থা।
দিদিমণি বলে যেতে লাগলেন, ‘কনিষ্ক অনেক দিক থেকেই আর সব সমকালীন রাজা থেকে আলাদা ছিলেন। তার প্রথম কারণ হলো তিনি মুণ্ডহীন ছিলেন। মুণ্ডহীন হওয়া সত্ত্বেও বুদ্ধিতে ও পরাক্রমে অন্য মুণ্ডওয়ালা রাজাদের থেকে কোনো অংশে কম ছিলেন না। যুদ্ধক্ষেত্রে যখন শত্রু তাঁকে চারদিক থেকে ঘিরে ফেলত, বিনা মুণ্ডেও তিনি অর্জুনের মতোই লক্ষ্য ভেদ করতে পারতেন। শুধু তা-ই নয়, মুণ্ডহীনতা সত্ত্বেও তিনি সংগীত ও সাহিত্যের অনুরাগী ছিলেন। শুধু একটা বিষয়েই তাঁর বিশেষ অসুবিধা ছিল, মুণ্ড না থাকায় সম্রাটের মুকুট মাথায় পরার সুবিধা ছিল না। তবে মনে হয় সেটা তিনি কোমরবন্ধে ঝুলিয়ে কাজ চালিয়ে নিতেন...’
বাকিটা শোনার মতো অবস্থা তখন ক্লাসের কোনো মেয়েরই আর নেই। হাসি চাপার অসীম চেষ্টায় সবার মুখ লাল। আমি মনে মনে ক্ষণজন্মা মিতালিকে স্যালুট না জানিয়ে পারলাম না।
প্রসঙ্গত: বলে রাখি, সম্রাট কনিষ্কের একটি মাত্র প্রতিকৃতি মাটি খুঁড়ে পাওয়া গেছে। সেটি কালের প্রবালে ক্ষতিগ্রস্ত হয়ে মুণ্ডহীন ছিল। ফলে ইতিহাসের বইয়ে তাঁর যে ছবি পাওয়া যায়, সেটি সেই মুণ্ডহীন ধড়ের প্রতিকৃতি।