মুদি পণ্য পরিবহন থেকে আজকের স্যামসাং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যামসাং। বর্তমান সময়ে বিশ্বের অন্যতম বড় ইলেকট্রনিকস পণ্যনির্মাতা প্রতিষ্ঠান। অথচ প্রতিষ্ঠার প্রথম তিন দশক কোনো ইলেকট্রনিক পণ্যের আশপাশেই ছিল না প্রতিষ্ঠানটি। স্যামস্যাং শুরুতে করত মুদি পণ্যের পরিবহন ব্যবসা। সেই গল্প শোনাচ্ছেন রানা আব্বাস

লি বায়াং-চুল
লি বায়াং-চুল

লি বায়াং-চুল। এই মানুষটি ছাড়া স্যামসাংয়ের গল্প অপূর্ণই থেকে যাবে! আজকের বিশ্বখ্যাত ইলেকট্রনিক পণ্য নির্মাতা স্যামসাংয়ের জন্ম লি বায়াংয়ের হাতেই। লির জন্ম ১৯১০ সালের ১২ ফেব্রুয়ারি, দক্ষিণ কোরিয়ার গিয়ংসাঙের শহর ইউরিয়ংয়ের এক ধনাঢ্য পরিবারে। পড়তে গিয়েছিলেন টোকিওর ওয়াসেডা বিশ্ববিদ্যালয়ে। পড়াশোনা শেষ করতে পারেননি। বাবার অকালপ্রয়াণে দ্রুতই নেমে পড়তে হয় পারিবারিক ব্যবসায়। ব্যবসায়িক জীবন শুরু চালকল দিয়ে।

১৯৩৮ সালে স্যামসাংয়ের ​প্রধান ​কার্যালয়
১৯৩৮ সালে স্যামসাংয়ের ​প্রধান ​কার্যালয়


গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে ১৯৩৮ সালের ১ মার্চ। লি ব্যবসার ধরন পাল্টান। দক্ষিণ কোরিয়ার দায়েগু শহরে প্রতিষ্ঠা করেন নতুন ব্যবসাপ্রতিষ্ঠান স্যামসাং ট্রেডিং কোম্পানি। তখনকার লোগো থেকে জানা যায়, ‘স্যামসাং’-এর অর্থ ‘তিন তারকা’। বিশাল, সমৃদ্ধ ও ক্ষমতাশালী অর্থেই প্রতিষ্ঠানের এমন নামকরণ। তবে প্রতিষ্ঠানটি তখনো ছোট কলেবরে। কাজ করতেন সাকল্যে ৪০ কর্মী। হয়তো তখনই নিজেদের ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন লি। এ কারণেই অমন নামকরণ! শুরুতে প্রতিষ্ঠানটি পণ্য পরিবহনের কাজেই সীমাবদ্ধ ছিল। মূলত শহরের ভেতর মুদিখানার পণ্য পরিবহন করত স্যামসাং। সঙ্গে নিজেরা উৎপাদন করত নুডলস। একপর্যায়ে দেশের সীমানা ছাড়াল তারা।
১৯৪৭ সালে লি সিদ্ধান্ত নিলেন, প্রতিষ্ঠানের কার্যালয় স্থানান্তর করবেন। স্যামসাংয়ের নতুন ঠিকানা হলো সিউলে। এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেশ না কাটতে আবারও বেজে উঠল যুদ্ধের দামামা। শুরু হলো কোরীয় যুদ্ধ। চলল তিন বছর—২৫ জুন ১৯৫০ থেকে ২৭ জুলাই ১৯৫৩। এ সময় লি বাধ্য হলেন সিউল ছাড়তে। তবে যুদ্ধবিগ্রহ তাঁকে দমাতে পারেনি। বুসানে গিয়ে শুরু করলেন চিনি শোধনাগারের ব্যবসা। এ প্রতিষ্ঠানের নাম চেল জেদাং (আজকের বিশ্বখ্যাত সিজে করপোরেশন)।
যুদ্ধ শেষে ১৯৫৪ সালে দায়েগুতে লি প্রতিষ্ঠা করলেন কাপড়ের কল ‘চেল মোজিক’। এটি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে বড় পশমি কল। দিন যত গড়িয়েছে, স্যামসাং তার ব্যবসার পরিধি ততই বাড়িয়েছে। খাদ্য, বস্ত্র, বিমা প্রভৃতি ক্ষেত্রে স্যামসাং নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে।

সিউলে স্যামসাং টাউন। স্যামসাংয়ের প্রধান কার্যালয়
সিউলে স্যামসাং টাউন। স্যামসাংয়ের প্রধান কার্যালয়

বর্তমান সময়ে বিশ্বজুড়ে স্যামস্যাংয়ের পরিচিতি মূলত ‘ইলেকট্রনিকস জায়ান্ট’ হিসেবেই। অথচ প্রতিষ্ঠার প্রথম তিন দশকে স্যামসাং ইলেকট্রনিক পণ্য উৎপাদনে তেমন কোনো বিনিয়োগই করেনি। মূলত ষাটের দশকের শেষ দিকে স্যামসাং উদ্যোগ নেয় ইলেকট্রনিক পণ্য উৎপাদনে। ১৯৭০ সালে তৈরি করে পি-৩২০২ মডেলের সাদা-কালো টেলিভিশন। টেলিভিশনটি বাজারে আসে ১৯৭২ সালে। এরপর ইলেকট্রনিকস দুনিয়ায় নিজেদের অবস্থান ক্রমেই পোক্ত করে স্যামসাং।
১৯৮৭ সালে লি মারা গেলে বিরাট এক পরিবর্তন আসে। আগে স্যামসাং গ্রুপের অধীনেই ছিল চার প্রতিষ্ঠান—স্যামসাং, শিনসিজায়ে (ডিপার্টমেন্ট স্টোর), সিজে (খাদ্য, রাসায়নিক দ্রব্য, বিনোদন ও লজিস্টিকস) এবং হানসল (কাগজ ও টেলিযোগাযোগ)। ১৯৯০ সালে চারটি গ্রুপ স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে। এরপর স্যামসাং মনোযোগ দেয় বিশ্বজুড়ে ইলেকট্রনিকস, বিশেষ করে মুঠোফোন ও সেমি-কন্ডাক্টর পণ্যের বাজারে নিজেদের পরিধি বিস্তৃত করতে।