মুনমুনের নকশায় স্মার্টফোনের মোড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের স্মার্টফোনে নিজের করা নকশা দেখাচ্ছেন লুৎফুন্নাহার মুনমুন l খালেদ সরকার
নিজের স্মার্টফোনে নিজের করা নকশা দেখাচ্ছেন লুৎফুন্নাহার মুনমুন l খালেদ সরকার

গ্রাফিক ডিজাইনার হবে বলে স্বপ্ন দেখেছিল  মেয়ে। বাবা কখনো চাননি মেয়ে এই পেশায় আসুক। অথচ এই পেশা বেছে নেওয়ার পেছনের কারণটিও ছিলেন মেয়েটির বাবা। সে কথায় পরে আসছি। শেষ পর্যন্ত মেয়ে লুৎফুন্নাহার মুনমুনের ইচ্ছার জয় হয়েছিল। এইচএসসি পাস করে সুযোগ পেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিকস ডিজাইন বিভাগে। দ্বিতীয় চিন্তা না করে লুফে নিয়েছিলেন সে সুযোগ। পড়াশোনা শেষ করে ‘ভিজ্যুয়ালাইজার’ হিসেবে পেশাজীবন শুরু করেন। সম্প্রতি স্যামসাং গ্যালাক্সি জে সিরিজের মোড়কের (প্যাকেট) জন্য মুনমুনের করা একটি নকশা নির্বাচিত হয়েছে। স্যামসাং বাংলাদেশ থেকে বাজারজাত করা গ্যালাক্সি জে সিরিজের স্মার্টফোনগুলোর মোড়কে ব্যবহার করা হবে এই নকশা। এ ব্যাপারে ২৩ এপ্রিল কথা হয় মুনমুনের সঙ্গে। তিনি বলেন, স্যামসাংয়ের পণ্যে নিজের করা নকশা ব্যবহৃত হচ্ছে, তা আমার কাছে অনেক গৌরবের।
স্যামসাং বাংলাদেশের লক্ষ্য ছিল গ্যালাক্সি জে সিরিজের স্মার্টফোনগুলোর মোড়ক নতুন সাজে সাজাতে। এ জন্য তারা দেশীয় ডিজাইনারদের কাছ থেকে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়া আছে এমন নকশার আহ্বান করেছিল। আর তা ছিল একটি প্রতিযোগিতা।

মুনমুনের নকশায় গ্যালাক্সি জে সিরিজের মোড়ক
মুনমুনের নকশায় গ্যালাক্সি জে সিরিজের মোড়ক

বাংলার ঐতিহ্য ও অনুপ্রেরণা হলো মূল কথা। সারা দেশ থেকে জমা পড়া নকশার মধ্য থেকে কিছু নকশার ডিজাইনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল কর্মশালা আয়োজনের মাধ্যমে। শেখানো হয়েছিল বিপণনে নকশার নানা কলাকৌশল। আর সুযোগ দেওয়া হয়েছিল জমা দেওয়া নকশায় পরিবর্তন আনার। গত ২৭ ফেব্রুয়ারি রাজধানীতে স্যামসাং বাংলাদেশের অফিসে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিচারকের দায়িত্বে ছিলেন শিল্পী রফিকুন নবী, সব্যসাচী হাজরা এবং আরও কয়েকজন। বিচারকেরা বেছে নিয়েছিলেন মুনমুনের নকশা। পুরস্কার হিসেবে মুনমুন পেয়েছিলেন এক হাজার মার্কিন ডলার।
সে মুহূর্তে ঠিক কী মনে হয়েছিল জানতে চেয়েছিলাম মুনমুনের কাছে। এক শব্দে বললেন, ‘অসাধারণ!’ এরপর যোগ করলেন, রফিকুন নবী স্যাররা আমার নকশা নির্বাচিত করেছেন, তা তখনো আমার কাছে স্বপ্নের মতো ছিল।
মোড়কে এই নকশা ছেপে গ্যালাক্সি জে সিরিজের মোবাইল ফোন ইতিমধ্যে বাজারে চলে এসেছে। স্যামসাং বাংলাদেশ ফেসবুক পেজেও অনেকে দেখেছেন এই নকশা। এতে তুলে ধরা হয়েছে বাংলাদেশের লোকশিল্প। কেন এটি বেছে নেওয়া? মুনমুন বলেন, ‘লোকচিত্রের মধ্যে অনুপ্রেরণা খোঁজার প্রচেষ্টা থেকেই এটি বেছে নিয়েছিলাম।’
গ্রাফিক ডিজাইনার মুনমুনের
মুদ্রণ ব্যবসা করতেন বলে মুনমুনের বাবার সংগ্রহে ছিল গ্রাফিকসের দেশি-বিদেশি নানা বই। আর সেসব বই পড়েই গ্রাফিকসে আগ্রহ জন্মায় লুৎফুন্নাহার মুনমুনের। বাবা জহুরুল হক প্রথমটায় চাননি মেয়ে গ্রাফিক ডিজাইনার হোক। সে মেয়ে যখন গ্রাফিক ডিজাইন বিষয়ে পাঠ নিচ্ছিলেন, তখনই কাজ করা শুরু করেন বাবার ব্যবসা প্রতিষ্ঠানে। ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত ভিজ্যুয়ালাইজার হিসেবে কাজ করেছেন স্পার্টান কমিউনিকেশন লিমিটেডে। তখনো শিক্ষার্থী তিনি। ২০১৩ সালে শেষ করেন স্নাতকোত্তর। তারপর ভিজ্যুয়ালাইজার হিসেবে নেস্টেড অ্যাপস এবং শিল্পী হিসেবে ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্টে কাজ করেন মুনমুন। ব্র্যাকের এই প্রতিষ্ঠানে কাজ করার সময় তাঁর করা নকশা ২০১৫ সালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত দ্বিতীয় শ্রেণির ইংলিশ ফর টুডে বইয়ের প্রচ্ছদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। বর্তমানে তিনি কাজ করছেন মুক্তপেশাজীবী (ফ্রিল্যান্সার) হিসেবে। জানালেন তাঁর লক্ষ্য, ধ্যানধারণা গ্রাফিক ডিজাইন নিয়েই। নকশার মাধ্যমে তুলে ধরতে চান দেশীয় সংস্কৃতি।