মুনাফা কমে গেল মাইক্রোসফটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুমিয়া ফোন থেকে আয় বেড়েছে মাইক্রোসফটের।
লুমিয়া ফোন থেকে আয় বেড়েছে মাইক্রোসফটের।

চলতি বছরের প্রথম তিন মাসে অর্থাৎ​ তৃতীয় প্রান্তিকে মাইক্রোসফটের মুনাফা ১২ শতাংশ বা ৫০০ কোটি ডলার কমে গেছে। মার্কিন ডলার শক্তিশালী হয়ে ওঠার বিষয়টি মুনাফার ওপর যথেষ্ট প্রভাব ফেলেছে বলে মনে করছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠানটি। এ ছাড়া বছরের এই প্রান্তিকে ব্যবসা ঢেলে সাজাতে ও নকিয়ার হ্যান্ডসেট বিভাগটিকে মাইক্রোসফটের সঙ্গে যুক্ত করতে ১৯ কোটি মার্কিন ডলার বাড়তি খরচ করেছে মাইক্রোসফট। এক খবরে এ তথ্য জানিয়েছে এএফপি।
অবশ্য, মুনাফা কমে গেলেও মাইক্রোসফটের কর্মকর্তারা নিরাশ নন। তাঁরা মাইক্রোসফটের ব্যবসাকে ঢেলে সাজিয়ে যেসব বিষয়ে অধিক গুরুত্ব দিয়েছিলেন, সেসব ক্ষেত্র থেকে আয়ের পরিমাণ বেড়েছে। ক্লাউড কম্পিউটিং সেবা থেকে আয় বেড়ে দ্বিগুণ হয়েছে এবং প্রত্যাশার মাত্রা অতিক্রম করেছে। মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আশা করেছিল এই সেবা থেকে বার্ষিক ৬৩০ কোটি মার্কিন ডলার আয় হতে পারে।
মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা সম্প্রতি মাইক্রোসফটের আয়-সম্পর্কিত এক বিবৃতিতে বলেছেন, ‘এই প্রান্তিকে আমাদের ক্লাউড সেবা থেকে আয় বেড়ে যাওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ করা গেছে।’
এ ছাড়া বছরের তৃতীয় প্রান্তিকে হার্ডওয়্যার ব্যবসার ক্ষেত্রেও ভালো করেছে মাইক্রোসফট, যা বিনিয়োগকারীদের খুশি রাখতে পেরেছে। জুলাই মাস থেকে প্রান্তিক হিসাব করে মাইক্রোসফট।
প্রান্তিক মুনাফা কমলেও মাইক্রোসফটের আয় গড়ে ৬ শতাংশ বেড়ে দুই হাজার ১৭০ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

বছরের এই প্রান্তিকে ডিভাইস ও সার্ভিস বিভাগে আয় বেড়েছে মাইক্রোসফটের। এই বিভাগটিতে এর আগে মাইক্রোসফট ধুঁকছিল। মাইক্রোসফটের এই বিভাগে রয়েছে সারফেস ব্র্যান্ডের ট্যাবলেট। গত বছরের তুলনায় এ বছর সারফেস ট্যাবলেট বিক্রির হার ৪৪ শতাংশ বেড়েছে।
এ বছরের প্রথম তিন মাসে উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে আয় কমে গেছে মাইক্রোসফটের। গত বছরের তুলনায় অপারেটিং সিস্টেম থেকে ১৯ শতাংশ আয় কমেছে মাইক্রোসফটের। তবে অফিস ৩৬৫ সেবা বা অনলাইন সফটওয়্যার স্যুট থেকে আয় বেড়েছে প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, গত প্রান্তিকে ৮৬ লাখ ইউনিট লুমিয়া ব্র্যান্ডের হ্যান্ডসেট বিক্রি হয়েছে, যা থেকে ১৪০ কোটি মার্কিন ডলার আয় হয়েছে মাইক্রোসফটের।