মুন্সিগঞ্জে তথ্যপ্রযুক্তি সচেতনতা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) উদ্যোগে এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের (আইবিপিসি) সহায়তায় মুন্সিগঞ্জে হয়ে গেল তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচেতনতা কর্মসূচি। গতকাল মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ বলেন, সরকারঘোষিত ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার জন্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অনুশীলনের বিকল্প নেই। তাই সবার প্রয়োজন তথ্যপ্রযুক্তি অনুশীলন। বিসিএসের সভাপতি মো. ফয়েজউল্যাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মনোজ কুমার রায়, উপজেলা নির্বাহী সঞ্জয় চক্রবর্তী, বিসিএসের সহসভাপতি মো. মঈনুল ইসলাম, মহাসচিব মো. শাহিদ-উল-মুনীর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কমান্ডার গাজী সামছুদ্দিন আহমেদ, প্রগতি সিস্টেমস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহাদত উল্লাহ খানসহ অনেকে।উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় তথ্যপ্রযুক্তিবিষয়ক আলোচনা। দিনব্যাপী কর্মসূচিতে ছিল ডিজিটাল বাংলাদেশ, আউটসোর্সিং, কম্পিউটারের নানাবিধ কলাকৌশল, জাপানে তথ্যপ্রযুক্তির অগ্রগতি এবং আমাদের দেশের অগ্রগতি, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন বিষয়ে আয়োজন। পাশাপাশি প্রশ্নোত্তর পর্ব ও কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। —ইমরান উজ-জামান