মুম্বাইয়ে দেশি রোবটের সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুম্বাইয়ের নিজেদের রোবট নিয়ে প্রতিযোগীরা
মুম্বাইয়ের নিজেদের রোবট নিয়ে প্রতিযোগীরা

প্রতিযোগিতাটি ছিল রোবট নিয়ে। একটি স্বয়ংক্রিয় রোবট, অন্যটি নিয়ন্ত্রিত রোবট। দুটির কাজের মধ্যেই একধরনের মিল রয়েছে। স্বয়ংক্রিয় ও নিয়ন্ত্রিত রোবট—দুটিকেই নির্দিষ্ট কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। এর মধ্যে স্বয়ংক্রিয় রোবটটি আগে থেকেই তৈরি করা বিশেষ প্রোগ্রাম দিয়ে। তাই সেটি নিজে নিজেই কাজ করে। অন্যদিকে, নিয়ন্ত্রিত রোবটটি প্রতিযোগিতার সময় নির্মাতাদের চালাতে হয়।
রোবটের এমন একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ এবার শুধু অংশই নেয়নি সেরা দশের মধ্যে বাংলাদেশের চারটি দলই জায়গা করে নিয়েছে। ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মুম্বাইয়ের বার্ষিক বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিভিত্তিক আয়োজন ‘টেকফেস্ট’-ইন্টারন্যাশনাল রোবটিকস চ্যালেঞ্জ (আইআরসি) প্রতিযোগিতায়এসেছে এ সাফল্য।
চলতি বছরের আইআরসি ৩ থেকে ৫ জানুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ, ভারত, মিশর, ফ্রান্স, নেপাল, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, সুইডেন ও শ্রীলঙ্কার শিক্ষার্থীরা অংশ নেন। আইআরসির বাংলাদেশ অঞ্চলের প্রতিযোগিতা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অনুষ্ঠিত হয় গত বছরের ২২ নভেম্বর। সেখানে শীর্ষস্থানে থেকে বুয়েট এরফাইন্ডার, বুয়েট ফ্যালকনস ও বুয়েট রেক্স আইআরসির মূল পর্বের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পায়। এ ছাড়া সরাসরি আইআরসির বিশেষ মুক্ত পর্বে যারা নির্বাচিত হয়, তাদেরও চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ থাকায় সেখানেও অংশ নেয় আরেক দল বুয়েট ক্রিপ্টোনাইট। প্রতিযোগিতায় প্রথম হয়েছে শ্রীলঙ্কার ইউনিভার্সিটি অব মরটুয়া-১ দল এবং দ্বিতীয় স্থান অর্জন করেছে একই দেশের এসএলআইআইটি দল।

বাংলাদেশের সাফল্য
বুয়েট এরফাইন্ডার
প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নিয়েছে চারটি দল। এর মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট এরফাইন্ডার দল। পাঁচ সদস্যের এ দলটি পুরস্কার হিসেবে পেয়েছে ২০ হাজার ভারতীয় রুপি ও সনদ। এ দলের সদস্যরা হলেন বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিকস কৌশল বিভাগের শিক্ষার্থী শেখ তানভীর আহমেদ, সৈয়দ ইমাম হাসান ও অনিক চৌধুরী, নেভাল আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী শাদমান সাকিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী মো. আশরাফুজ্জামান। এ দলের শুরুটা হয়েছিল রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইন্ট্যারন্যাশনাল কম্পিটিশন মাইক্রোমাউসে অংশগ্রহণের মাধ্যমে। সে সময় থেকে দলের নাম হয় ‘এরফাইন্ডার’। জার্মান শব্দ এরফাইন্ডারের অর্থ উদ্ভাবক—বললেন দলনেতা শেখ তানভীর আহমেদ। সে প্রতিযোগিতায় এরফাইন্ডার দল চ্যাম্পিয়ন হয়। সেখান থেকেই শুরু, যা পরবর্তী সময়ে আরও অনেক প্রতিযোগিতায় অংশ নেয়। এর আগের বছর আইআরসিতে অংশ নেওয়া এ দলের আরেক সদস্য সৈয়দ ইমাম হাসান বলেন, ‘গত বছর যখন আইআরসির ঘোষণা আসে, তখন আমরা মাত্র বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের গণ্ডি পেরিয়েছি এবং অভিজ্ঞতাও ছিল অনেক কম। তার মধ্যেও খুব ভালো করতে না পারলেও বেড়েছে অভিজ্ঞতা।’ আমরা গতবারও একই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলাম। এরই ধারাবাহিকতায় আমরা চেয়েছি এবারও ভালো কিছু করতে যোগ করলেন দলের আরেক সদস্য অনিক চৌধুরী। বললেন, ‘এ বছর যখন আইআরসির সমস্যাগুলো দেওয়া হয়, তখন আমরা ব্যস্ত প্রতিবন্ধীদের জন্য সফটওয়্যার তৈরির প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল কম্পিটিশন কোডেথন নিয়ে। তার পরও এ প্রতিযোগিতা শেষে আমরা আইআরসি নিয়ে কাজ শুরু করি।’ সবকিছু পেরিয়ে চূড়ান্ত পর্বে মাত্র এক সেকেন্ডের ব্যবধানে শ্রীলঙ্কার মরটুয়া-২ দলকে পেছনে ফেলে দ্বিতীয় রানার আপ হয় দলটি। প্রযুক্তিকে কীভাবে দেশের জনসাধারণের কাজে লাগানো যায়, সে বিষয় নিয়ে ভবিষ্যতে কাজ করার কথাও জানান দলের সদস্য শাদমান সাকিব ও মো. আশরাফুজ্জামান।

বুয়েট ফ্যালকনস
আইআরটি চূড়ন্ত প্রতিযোগিতায় সপ্তম স্থান অর্জন করেছে বুয়েট ফ্যালকনস দল। এ দলের সদস্যরা হলেন বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিকস কৌশল বিভাগের ইশমাম যাবির, আবির সাহা ও নাভিদ নিজাম। ‘মূলত বুয়েটের বড় ভাইদের কাছ থেকেই রোবটিকস নিয়ে কাজ করার অনুপ্রেরণা।’—বললেন দলনেতা ইশমাম যাবির। ‘গত বছর একই প্রতিযোগিতার মাধ্যমেই আমাদের রোবটবিজ্ঞানে হাতেখড়ি। সব মিলিয়ে প্রায় তিন মাস কাজ করার পর আমাদের দুটি রোবট চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার জন্য প্রস্তুত হয়। এর মধ্যে আমরা সত্যিকার অর্থেই অনেক কিছু শিখেছি বললেন দলের সদস্য আবির সাহা। তবে চূড়ান্ত প্রতিযোগিতায় সপ্তম স্থান অধিকার করা এ দলের অন্য সদস্য নাভিদ নিজাম বলেন, ‘আমরা আরও ভালো করতে পারতাম। তবে আমরা যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি, তারা আমাদের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। ভবিষ্যতে আমরা আরও ভালো করতে পারব আশা করছি। ভবিষ্যতে আরও কিছু করার পরিকল্পনা আছে বুয়েট ফেলকনস দলের। এর মধ্যে রয়েছে চিকিৎসাবিজ্ঞানে উন্নয়ন ও দৈনন্দিন কাজে ব্যবহূত অ্যানালগ যন্ত্রগুলোকে ডিজিটালে রূপান্তর ইত্যাদি জানালেন দলের অন্য দুই সদস্য আখতার আল আমিন ও মুন্তাকিম সাদিক । 

বুয়েট ক্রিপ্টোনাইট
আইআরসির চূড়ান্ত প্রতিযোগিতার অষ্টম স্থান অর্জন করে বুয়েট ক্রিপ্টোনাইট দল। বাংলাদশ পর্বে নির্বাচিত না হলেও সরাসরি আইআরসির বিশেষ মুক্ত পর্বে ভালো করে চূড়ান্ত পর্বে অংশ নেয় দলটি। এ দলের সদস্যরা হলেন বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিকস কৌশল বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ মনির হোসেন, ফারসিদ রায়হান, মহসিন আহমেদ ও যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী হাসানুর রশিদ। ‘চূড়ান্ত পর্বের আগে ইন্টারন্যাশনাল ওপেন রাউন্ডে ভারত থেকে দুটি, মিশর থেকে একটি এবং আমাদের দলসহ মোট চারটি দল অংশ নেয়। এই রাউন্ডে ভালো পারফর্ম করে আমরা চূড়ন্ত পর্বে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাই।’—বললেন দলনেতা মুহাম্মদ মনির হোসেন। ‘চূড়ান্ত পর্বে প্রথম রানটা আমরা খুব ভালোভাবেই শেষ করে সেমিফাইনালে ভালো করতে আমরা আমাদের রোবটের গতি বাড়ানোসহ আরও কিছু ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিই।’—বললেন ফারসিদ রায়হান। ‘আমাদের অবস্থা ছিল অনেকটা হয়তো কিছু একটা করে দেখাতে হবে, নয়তো বাদ পড়ে যাব। কিন্তু রোবটের নতুন এই পরিবর্তনগুলো আমরা অনুশীলনের সুযোগ না পাওয়ায় দ্বিতীয় রানের শেষের দিকে রোবট একটু ভুল করে ফেলায় আমরা অষ্টম স্থান অর্জন করি’—যোগ করলেন মহসিন আহমেদ ও হাসানুর রহমান। প্রতিবন্ধীদের জন্য রোবট বানাতে চায় বুয়েট ক্রিপ্টোনাইট দলটি।

বুয়েট রেক্স
বাংলাদেশ পর্বে চ্যাম্পিয়ন দল বুয়েট রেক্স। আইআরসির চূড়ান্ত পর্বে দলটি নবম স্থান অর্জন করে। এ দলের সদস্যরা হলেন জাহীন মোস্তাকিন, সামিয়া শাফিক, শাহরিয়ার কাবির ও মোহাম্মাদ তারিকুল ইসলাম। এ দলটিও এর আগে গত বছরের আইআরসি প্রতিযোগিতায় অংশ নিয়েছে। ‘গতবারের অভিজ্ঞতা আর দীর্ঘ তিন মাসের পরিশ্রমের ফলে এ আয়োজনের বাংলাদেশ পর্বে আমরা চ্যাম্পিয়ন হই’—বললেন দলনেতা জাহীন মোস্তাকিন। দলের সদস্য সামিয়া শাফিক বলেন, ‘প্রতিযোগিতার মূল পর্বের আগে আমরা অনুশীলনে শেষবারের মতো ভালোভাবে আমাদের রোবটগুলো পরীক্ষা করার পর রোবটের প্রোগ্রামে কিছু ছোট পরিবর্তন করি। তাতে আমাদের রোবটগুলো ভালো অবস্থায় চলে আসে।’ মূল প্রতিযোগিতায় প্রথম রানে অপ্রত্যাশিত একটা গোলযোগ হওয়ায় আমাদের সময় বেশি লাগে এবং পরের রানেও সে সমস্যাটি থেকে যায়। ফলে আমরা বুঝতে পারার আগের রাতের সর্বশেষ প্রোগ্রাম পরিবর্তন করায় এ সমস্যাটি হয়’—যোগ করলেন শাহরিয়ার কাবির ও মোহাম্মাদ তারিকুল ইসলাম। এবারের প্রতিযোগিতায় অনেক কিছু শেখা হলো এবং অনেক অভিজ্ঞতা অর্জন হলো বলেও জানান তাঁরা। প্রযুক্তি নিয়ে ভবিষ্যতে আরও ভালো কিছু করতে চান তাঁরা।