
আমাদের বাসার ছাদে সেদিন জোরেশোরে রান্নাবান্না চলছে। খাবারের খুশবুতে পুরো বিল্ডিং একদম ম-ম। রান্না দেখতে আমরা ছুটে গেলাম ছাদে। রান্নার তদারকি করছেন ছোট চাচা স্বয়ং। তেহারি রান্না চলছে। পাশেই আলাদা জায়গায় মুরগির রোস্ট। দেশি মুরগির রোস্ট আমার খুব পছন্দ। দেখেই জিবে জল চলে এল। অপেক্ষায় রইলাম কখন বাসায় দাওয়াত আসবে। সত্যি সত্যি দাওয়াত এল। রাতের দাওয়াতে আমরা সবাই ছোট চাচার বাসায় হাজির। শুরুতে সালাদ। তারপর তেহারি। কিন্তু আমার চোখ শুধু খুঁজছে মুরগির রোস্ট! আহা! কখন আসবে রোস্ট। খাওয়া শুরু হয়ে গেছে, কিন্তু রোস্ট আর আসে না। শেষমেশ লজ্জার মাথা খেয়ে জিজ্ঞেস করেই ফেললাম, ‘চাচা, রোস্ট নাই?’ চাচার ত্বরিত জবাব, ‘রোস্ট ইজ নট ফর গেস্ট।’ কষ্টে আমার বুকটা যেন ভেঙে গেল। তবে সেদিন তেহারিটাও মন্দ হয়নি। কী আর করা, শেষে তেহারি খেয়েই চাচাকে ধন্যবাদ দিতে হলো। এখনো টেবিলে দেশি মুরগির রোস্ট দেখলেই সেদিনের কথা মনে পড়ে।
ঢাকা।