মুরাদুলের ডিজিটাল লক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন কিছু উদ্ভাবনের ভাবনা সব সময় ছিল মুরাদুল ইসলামের। ছবি: খালেদ সরকার
নতুন কিছু উদ্ভাবনের ভাবনা সব সময় ছিল মুরাদুল ইসলামের। ছবি: খালেদ সরকার

খুব কাছের এক বন্ধু তাচ্ছিল্য করে বলেছিল, ‘তুই পলিটেকনিকে পড়বি!’ বন্ধুর বলার ভঙ্গিই যেন বলে দিচ্ছিল, পলিটেকনিকে পড়া মানে ‘গোল্লায়’ যাওয়া। এসএসসি পরীক্ষার পর এই গোল্লায় যাওয়ার ব্যাপারটাকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন মুরাদুল ইসলাম। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েও কুড়িগ্রামের জ্যোতিনের হাট এলাকায় বড় হওয়া ছেলেটার ঠিকানা হয় রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। যার ভেতরে নতুন কিছু উদ্ভাবনের তাড়না, তাকে তো শুধু পুঁথিগত বিদ্যায় আটকে রাখা যায় না!
এসএসসিতে জিপিএ-৫ পাওয়ায় বাবা কিনে দিয়েছিলেন একটি কম্পিউটার। মা দিয়েছিলেন মুঠোফোন। এ দুই প্রযুক্তি হাতে পাওয়ার পরপরই চিন্তাটা খেলে যায় তাঁর মাথায়। মুঠোফোন কি শুধু কথা বলার জন্য? নাকি এ প্রযুক্তি দিয়ে আরও কিছু করা সম্ভব? এমন চিন্তা আর পলিটেকনিকে পড়াশোনা—দুইয়ে মিলে কিছু একটা করার তাড়না নিয়ে কাজ শুরু করেন মুরাদুল। চেষ্টা করতে থাকেন মুঠোফোনের প্রযুক্তি দিয়ে কিছু করার। সেই চেষ্টাও সফল হয় দুই বছর পর। তৈরি করে ফেলেন চাবি ছাড়া তালা। চাবি ছাড়া তালা? সেটা কীভাবে সম্ভব? ‘ সম্ভব, তবে চাবির বদলে প্রয়োজন পড়বে একটা পাসওয়ার্ড ও মিসডকলের!’
এতটুকু বলে থামেন মুরাদুল। আমাদের আগ্রহ বাড়ে। পাসওয়ার্ড না হয় বুঝলাম, কিন্তু মিসডকল! আমাদের সামনেই একটা ভিডিও চালু করেন মুরাদুল। ভিডিওর সঙ্গে তাঁর বর্ণনা শুনি—‘এই যে দেখতে পাচ্ছেন একটা ডিভাইস। এটাই আসলে একটা তালা। এই তালা দিয়ে সাধারণ তালার মতোই সবকিছু তালা দিয়ে রাখা যাবে। সাধারণ তালা চাবি দিলে খুলে যাবে। কিন্তু ডিজিটাল তালা খোলার জন্য লাগবে একটি নির্দিষ্ট পাসওয়ার্ড ও মিসডকল।’
মুরাদুল আমাদের সামনে তাঁর উদ্ভাবনের ঝাঁপি মেলে ধরেন। ‘মনে করুন আপনি বাসায় ডিভাইসটা লক করে বাইরে গেছেন। ফিরে এসে আগে ডিভাইসটা অন করতে হবে। তারপর আগে থেকেই নির্দিষ্ট করে রাখা পাসওয়ার্ড চাপতে হবে। আর যে মুঠোফোনের সিমটি ডিভাইসে রাখা আছে, সেখানে নির্দিষ্ট নম্বর দিয়ে মিসডকল দিতে হবে। তাহলেই খুলে যাবে দরজা। এর যেকোনো একটি ভুল হলে দরজা খুলবে না।’
মুরাদুল জানান, এক বা একাধিক নম্বর থেকে মিসডকল দেওয়া যাবে, তবে সেটা আগে থেকে সেই ডিভাইসে যুক্ত থাকতে হবে। মনে রাখতে হবে, নির্দিষ্ট নম্বর ছাড়া মিসডকল গ্রহণ করবে না ডিভাইস, মানে ডিজিটাল তালা।
এই ডিজিটাল তালা উদ্ভাবন করতে মুরাদুলের সময় লেগেছে প্রায় দুই বছর। আর বাধা! এবার চোখের চশমা খুলে একটু ভাবেন মুরাদুল। ‘আসলে বাধা কত প্রকার ও কী কী, সব টের পেয়েছি। তবে সবচেয়ে বড় কষ্ট ছিল, অনেকেই আমার কাজকে ছোট করে দেখেছে। আকারে ইঙ্গিতে আমাকে অপমান করেছে। কিন্তু আমি দমে যাইনি। ’
তাই বলে কি কেউ সহযোগিতা করেনি? মুরাদুলের মুখে এবার হাসির রেখা ফুটে ওঠে, ‘২০১১ সালে রংপুর পলিটেকনিকে ভর্তি হওয়ার পর ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগের শিক্ষার্থীরা মিলে একটা সংগঠন দাঁড় করাই। নাম দিই ইডিয়ট সায়েন্স ক্লাব। এই নামের পেছনে কারণ হলো, আমরা নিজেদের আসলে বোকাসোকাই মনে করতাম। আর আমির খান অভিনীত থ্রি ইডিয়টস সিনেমার একটা অবদান তো আছেই।’
এখন ‘পারসন ডিটেক্টর অ্যান্ড সিকিউরিটি সিস্টেম’ নামে একটি নতুন ডিভাইস তৈরির কাজ করছেন মুরাদুল।