মুসার মুনশিয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুয়েটের শিক্ষার্থী আবু সালেহ মো. মুসা
কুয়েটের শিক্ষার্থী আবু সালেহ মো. মুসা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ডিইউআইটিএস ক্যাম্পাস ফেস্টিভাল ২০১৩-এ ‘অ্যাপস্ ইন লাইফ’ শীর্ষক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন আবু সালেহ মো. মুসা। পড়ছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষে। মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনারের ক্যাম্পাস লিডার তিনি। মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে কাজ করছেন নার্ডক্যাটস কোম্পানির সঙ্গে।

অ্যানড্রয়েড স্টোরে নার্ডক্যাটসের প্রায় ১০০টির কাছাকাছি অ্যাপস্ রয়েছে; এর মধ্যে ‘বাস ম্যাপ আপ ঢাকা’, ‘স্যানিট্যাবিট’, ‘স্টার সিনেপ্লেক্স’ প্রভৃতি অ্যাপসের কাজ করেছেন মুসা। ‘বাস ম্যাপ আপ ঢাকা’র মাধ্যমে ঢাকা শহরে বাসের রুট জানা যাবে মোবাইলেই। ‘স্যানিট্যাবিট’ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা তৈরিতে সাহায্য করবে আর ‘স্টার সিনেপ্লেক্স’ অ্যাপ্লিকেশনের সাহায্যে স্টার সিনেপ্লেক্সের অনলাইন সার্ভিস নেওয়া যাবে।

মাইক্রোসফটের স্টুডেন্ট পার্টনার হিসেবে কাজ করছেন ২০১১ সাল থেকে। ২০১২ ও ২০১৩ সালে কুয়েটে ইমাজিন কাপ আয়োজনের কাজও করেছেন। মাইক্রোসফট অ্যাকাডেমিক অ্যালায়েন্সের অ্যাডমিন হিসেবেও কাজ করছেন।

এসব কাজের বাইরেও কুয়েটের বিভিন্ন অনুষ্ঠানে ইভেন্ট ডিজাইনার হিসেবে কাজ করেন। বিশ্ববিদ্যালয় দিবস, কুয়েটের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান ও ২০১২ সালের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফেস্টিভালের ইভেন্ট ডিজাইনার ছিলেন তিনি।

এসবের পাশাপাশি তিনি তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলীদের আন্তর্জাতিক সংগঠন আইইইই-এর কুয়েট ছাত্র শাখার ভাইস প্রেসিডেন্ট। গবেষণার সুযোগ নিয়ে সেমিনার আয়োজন করেছেন, কুয়েটের আইইইই ছাত্র শাখার দুটি টেকনিক্যাল ট্যুর আয়োজনের সঙ্গেও ছিলেন। আইইইই এক্সট্রিম ৬.০-তে চতুর্থ স্থান অধিকার করেছেন।

তিন ভাই ও দুই বোনের মধ্যে চতুর্থ মুসার ছোটবেলা কেটেছে বরিশালে। বিভিন্ন কর্মকাণ্ডে বাবা নজরুল ইসলাম ও মা মর্জিনা ইসলামের কাছ থেকে উৎসাহ পেয়েছেন সব সময়। বরিশালের পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজে কেটেছে স্কুলজীবন। ক্রিকেট ভালোই খেলতেন, অর্জনের ঝুলিতে আছে একবার আন্তস্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার সাফল্য। নটর ডেম কলেজে ভর্তি হন ২০০৭ সালে। নটর ডেম সায়েন্স ক্লাব, নটর ডেম ডিবেটিং ক্লাব ও নটর ডেম ইংলিশ ক্লাবের সঙ্গে কাজ করেছেন। ক্লাবগুলোর অনেক অনুষ্ঠানে করেছেন স্বেচ্ছাসেবকের কাজ।

মুসা স্বপ্ন দেখেন বাংলাদেশ একদিন প্রযুক্তিতে উন্নত দেশগুলোর চেয়েও এগিয়ে থাকবে। এ জন্য এখন থেকেই গ্রামের স্কুলগুলোতে পর্যাপ্ত কম্পিউটার ও প্রশিক্ষকের ব্যবস্থা করতে হবে, যাতে ছেলেমেয়েরা সহজেই হাতে-কলমে কম্পিউটারের কাজ শিখতে পারে।