মুহম্মদ জাফর ইকবালের আনুষ্ঠানিক ফ্যানপেজ
জনপ্রিয় লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের আনুষ্ঠানিক ফ্যানপেজ ফেসবুকে খোলা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এটি চালু করা হয়। পরে গতকাল বুধবার পয়লা বসন্তে মুহম্মদ জাফর ইকবালের সঙ্গে কথোপকথনের একটি ভিডিও এতে জুড়ে দেওয়া হয়েছে। এই ফ্যানপেজের ঠিকানা: www.facebook.com/our.zafar.sir। ফ্যানপেজের অন্যতম পরিচালক বা অ্যাডমিন শাবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম প্রথম আলোকে জানান, জাফর ইকবালের নামে অনেকগুলো ফ্যানপেজ ফেসবুকে তাঁর অনুমতি না নিয়েই চালু রয়েছে। আবার ওই পেজগুলো থেকে বিভিন্ন বিভ্রান্তিকর পোস্টও দেওয়া হতো। তাই জাফর ইকবালের অনুমতি নিয়ে এ পেজ চালু করা হয়েছে। একই নামে ভিন্ন বানানে কয়েকটি ফ্যানপেজও অনেকে চালু করেছে। তাই মুহম্মদ জাফর ইকবালের ভক্তদের প্রকৃত পেজটি ভিজিট করার জন্য অনুরোধ করছি। —মিসবাহ্ উদ্দিন, শাবিপ্রবি প্রতিনিধি