মৃত মেয়েটি কি বেঁচে ফিরবে?

ক্যানসারে আক্রান্ত থাইল্যান্ডের দুই বছরের শিশু ম্যাথারিন নাওভারাতপংকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছেন। কিন্তু তার মা-বাবার বিশ্বাস একদিন আবার বেঁচে উঠবে ম্যাথরিন। আজ যে চিকিৎসা নেই ভবিষ্যতে হয়তো সে ধরনের চিকিৎসা হাতের নাগালে চলে আসবে। ততদিন পর্যন্ত ম্যাথরিনের দেহটি সুরক্ষিত রাখতে পারলে আবার হয়তো ফেরত পাওয়া যাবে জীবিত ম্যাথরিনকে। এও কি সম্ভব?
বিশেষজ্ঞরা বলছেন, এক সময় যা ছিল কল্পনার আজ বিজ্ঞানের আশীর্বাদ এখন বাস্তবে পরিণত হয়েছে। অনেকে আশা করেন, বিজ্ঞান হয়তো একদিন এমন অসাধ্যসাধন করবে যাতে মৃতদেরও জীবিত ফিরিয়ে আনা যাবে। অনেকে বিশ্বাস করেন, আজকের চিকিৎসায় যা সম্ভব হচ্ছে না, ভবিষ্যতে উন্নত চিকিৎসা পদ্ধতিতে প্রিয়জনকে হয়তো একদিন ফিরিয়ে আনা যাবে বা নিজেও ফিরে আসা যাবে। এ জন্য তাঁরা মৃতদেহ সুরক্ষিত রাখতে বিনিয়োগও করছেন। সম্প্রতি থাইল্যান্ডের এক চিকিৎসক দম্পতি তাঁদের দুই বছরের মৃত মেয়েকে ভবিষ্যতে ফিরে পাওয়ার আশায় ‘ক্রায়োজেনিক্যাল প্রক্রিয়ায়’ হিমঘরে রেখে দিয়ে অনলাইন দুনিয়ায় সাড়া ফেলেছেন। মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত এই মেয়েটিকে একদিন বাঁচিয়ে তোলা যাবে বলে বিশ্বাস করেন তাঁরা। এখন পর্যন্ত ক্রায়োজেনিক্যালি প্রক্রিয়ায় মৃতদেহ সুরক্ষিত রাখার পদ্ধতি যাঁদের ক্ষেত্রে নেওয়া হয়েছে দুই বছরের থাইল্যান্ডের এই মেয়েটি তাদের মধ্যে সর্বকনিষ্ঠ। ক্রায়োজেনিক্যাল প্রক্রিয়ায় মানুষের দেহ খুব কম তাপমাত্রায় ভবিষ্যতে ফিরে পাওয়ার আশায় সংরক্ষণ করা হয়। বিষয়টি বৈজ্ঞানিক কল্পকাহিনির মতো শোনালেও এখন বাস্তবেই ঘটছে। অনেক মানুষ এখন এই প্রক্রিয়ায় প্রিয়জনের মৃতদেহ সংরক্ষণ করে রাখতে শুরু করেছেন। তাঁদের বিশ্বাস, ভবিষ্যতে এই দেহকে হয়তো জাগিয়ে তুলতে পারবেন চিকিৎসকেরা।
গতকাল বৃহস্পতিবার প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মাদারবোর্ড ‘ম্যাথরিন নাওভারাতপং’ নামের দুই বছর বয়সী শিশুটিকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। শিশুটির বাবা-মা দুজনেই চিকিৎসক। তাঁরা সন্তানকে ভবিষ্যতে একদিন ফিরে পাওয়া যাবে বলে অ্যালকোরের কাছে তুলে দিয়েছেন তাঁদের সন্তানকে। ম্যাথেরিন যখন অসুস্থ হতে শুরু করে, তখন থেকেই ব্যাংককে তার ক্রায়োনিক প্রক্রিয়া শুরু করেন তার মা-বাবা। চিকিৎসকেরা যখন ম্যাথরিনকে মৃত ঘোষণা করেন, তখনই আলকোরের একজন সদস্য ক্যাথেরিনের পুরো শরীর সুরক্ষিত রাখার জন্য তাদের প্রক্রিয়া শুরু করেন।
মৃতদেহ ক্রায়োজেনিক্যালি প্রক্রিয়ায় সুরিক্ষত রাখার সেবা দেয় মার্কিন প্রতিষ্ঠান আলকোর। আলকোরে ইতিমধ্যে বিখ্যাত বেসবল খেলোয়াড় টেড উইলিয়ামসের মতো অনেকের দেহ সুরক্ষিত আছে। অবশ্য, এই প্রতিষ্ঠানটি যথেষ্ট নির্ভরশীল প্রতিষ্ঠান নয় বলে অভিযোগও রয়েছে।
ক্রায়োজেনিক্যালি প্রক্রিয়ায় সংরক্ষণে খরচ খুব বেশি। শুধু যদি মাথা সংরক্ষণ করে রাখতে হয় তবে ৮০ হাজার ডলার খরচ পড়ে আর পুরো শরীর সংরক্ষণ করতে খরচ পড়ে দুই লাখ ২০ হাজার ডলার। লাইফ ইনস্যুরেন্স পলিসির মাধ্যমেও অর্থ পরিশোধ করে এর সদস্য হওয়া যায়।
ইতিমধ্যে বিখ্যাত ব্যক্তিরা আলকোরের সদস্য হয়েছেন। ইতিমধ্যে এই প্রতিষ্ঠানে ১০০ টিরও বেশি দেহ সুরক্ষিত আছে। গুগলের বিশেষজ্ঞ ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কর্মরত রে কার্জউইল আলকোরের সদস্য।
মৃত ব্যক্তিদের কীভাবে ফেরত আনা যাবে বা তাদের পুনর্জন্ম বিষয়টি সম্পর্কে এখনো কোনো ধারণা নেই মানুষের। শুধু বিশ্বাসের কারণে মানুষের দেহ এভাবে সংরক্ষণ করে রাখা হচ্ছে। এ ধারণায় যাঁরা বিশ্বাস করেন তাঁদের মতে, বিজ্ঞান একদিন অসাধ্যসাধন করবে এবং এই বিশ্ব এমন একটি স্থান হবে বর্তমান সময়ে আমাদের গাড়ি বা ওয়াশিং মেশিনের মতো দেহ পরিবর্তন করা যাবে।
ম্যাথরিন সম্পর্কে আরও জানা যাবে আলকোরের ওয়েবসাইটে (http://www.alcor.org/Library/html/casesummary2789.html)
(সিনেট অবলম্বনে)