মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে ইরানিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানের ইমাম আলি পপুলার স্টুডেন্টস সোসাইটির কয়েকজন সদস্য
ইরানের ইমাম আলি পপুলার স্টুডেন্টস সোসাইটির কয়েকজন সদস্য

সফর আনঘোতির (২৪) জন্ম ইরানের রাজধানী তেহরানের একটি প্রত্যন্ত এলাকায়। বাবার মতো পুরোনো কাপড়চোপড়, ঘড়ি, বোতল, পত্রিকা ইত্যাদি বিক্রি করে জীবিকা নির্বাহের পথ খুঁজে নিয়েছিলেন তিনি। তবে ছোরা নিক্ষেপে তিনি ছিলেন ওস্তাদ। ৩০ ফুট দূরের লক্ষ্যবস্তুতে তিনি ছোরা নিক্ষেপ করতেন নির্ভুলভাবে। সাত বছর আগে যখন তাঁর বয়স ১৭ তখন একদিন অপর এক কিশোর মেহদি রেজাইর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে রাগের মাথায় তাকে ছুড়ে মারলেন ছোরা। গলায় বিঁধে ছোরাটি। ঘটনাস্থলেই মারা যায় রেজাই।
এরপর খুব দ্রুত বিচার হয় সফর আনঘোতির। বয়সে কিশোর হওয়া সত্ত্বেও আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেন।
মৃত্যুদণ্ড পাওয়া অন্য সবার মতো আনঘোতির কাহিনি এখানেই শেষ হতে পারত। কিন্তু আনঘোতির ভাগ্য ভালো। ইরানে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে দিন দিন জনমত বৃদ্ধি ও সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের প্রসার তাঁকে বাঁচিয়ে দিয়েছে।
ইরানের বিচারব্যবস্থা অনুযায়ী, হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির পরিবার অর্থের বিনিময়ে যদি হত্যাকারীকে ক্ষমা করে দেয় তাহলে হত্যাকারী ক্ষমা পেয়ে যায়। আনঘোতির ছোরার আঘাতে নিহত রেজাইর পরিবার ৫০ হাজার ডলারের বিনিময়ে তাঁকে ক্ষমা করে দিতে রাজি হয়। আনঘোতির দরিদ্র পরিবারের পক্ষে এই পরিমাণ অর্থ জোগাড় করা ছিল এক কঠিন ব্যাপার। তখন তারা সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের মাধ্যমে প্রচারণা চালিয়ে ৫০ হাজার ডলার জোগাড় করে।
ইরানের আইনে হত্যা, ধর্ষণ, সমকামিতা, মাদক পাচার ইত্যাদি অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়। জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত বছর ইরানে ৫০০ থেকে ৬২৫ জনের ফাঁসির আদেশ কার্যকর করা হয়। এদের মধ্যে দুজন ছিল কিশোর এবং ২৮ জন নারী।
এই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে এখন সোচ্চার হচ্ছে ইরানিরা। দেশটির সমাজকর্মীরা জানিয়েছেন, গত কয়েক বছরে ইরানি জনগণের মনোভাবে পরিবর্তন এসেছে। বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর লোকজন এখন কম বয়সী ছেলেমেয়েদের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে।
তেহরানের প্রখ্যাত আইনজীবী সালেহ নিকবখত বলেন, মৃত্যুদণ্ডের সংখ্যা বাড়তে থাকায় ইরানের মধ্যবিত্তরা ক্ষুব্ধ হয়ে পড়ছে। অনেকে সরকারের এই কঠোর নীতির সমালোচনা করেছে।
ইরানে কিশোর বয়সের সংজ্ঞা নিয়েও একটি জটিলতা রয়েছে। ইরানের ইসলামিক আইন অনুযায়ী, একজন মেয়ের বয়স ৯ বছর হলেই তাকে সাবালিকা এবং ছেলের বয়স ১৫ বছর হলেই তাকে পুরুষ হিসেবে গণ্য করা হয়। তবে ড্রাইভিং লাইসেন্স এবং সেনাবাহিনীতে নিয়োগ পেতে হলে অবশ্যই ছেলেদের বয়স ১৮ বছর হতে হবে। অনেক ইরানির মতে, যে বয়সটিকে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার জন্য উপযুক্ত বলে বিবেচনা করা হয় না, সেই বয়সে কোনো অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়াটা একেবারে অন্যায়।
২০১২ সালে ইরানের গার্ডিয়ান কাউন্সিল কিশোর অপরাধীদের জন্য মৃত্যুদণ্ড রহিত করে করা একটি সংশোধিত দণ্ডবিধি অনুমোদন করে। কিন্তু বিচারকেরা এখনো কিশোর অপরাধীদের মৃত্যুদণ্ড দিয়ে যাচ্ছেন। তাঁদের যুক্তি হচ্ছে, এর মাধ্যমে অন্য কিশোরেরা বুঝতে পারবে অপরাধ করার পরিণতি কী হতে পারে।
সফর আনঘোতির মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ নির্ধারণ করা হয়েছিল গত ২০ জানুয়ারি। এর এক মাস আগে আনঘোতির পরিবার যায় ইমাম আলি পপুলার স্টুডেন্টস সোসাইটির কাছে এ ব্যাপারে সাহায্যের জন্য। ইরানে যে কয়টি সংগঠন কিশোর অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়া প্রতিরোধে কাজ করছে এই সংগঠন তার একটি। এ সংগঠনের সদস্যরা যান রেজাইর পরিবারের কাছে। তাঁরা আবেদন জানান, যেন আনঘোতিকে ক্ষমা করে দেওয়া হয়। পরে রেজাইর পরিবার ৫০ হাজার ডলারের বিনিময়ে আনঘোতিকে ক্ষমা করে দিতে রাজি হয়।
রোকেয়া রহমান সূত্র: নিউইয়র্ক টাইমস