মেগার নিরাপদ ই-মেইল, ভিডিও, মোবাইল সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটে ফাইল ভাগাভাগির (শেয়ারিং) ওয়েবসাইট মেগাআপলোড বন্ধ হওয়ার পর গত মাসে মেগা (https://mega.co.nz) নামে আরেকটি ক্লাউডভিত্তিক শেয়ারিং সাইট চালু করেছিল কিম ডটকম। ইন্টারনেটভিত্তিক এ ওয়েবসাইট উদ্যোক্তা সম্প্রতি নিজের টুইটারে জানিয়েছেন, শুধু ফাইল শেয়ারিং সেবাই নয়, মেগাতে যুক্ত হচ্ছে নিরাপদ ই-মেইল, চ্যাট, ভয়েস, ভিডিও এবং মোবাইল সেবাও। আগামী কয়েক বছরের মধ্যেই এ সেবাগুলো মেগাতে যুক্ত হবে বলেও জানান তিনি। নতুনভাবে যাত্রা শুরু করেই বেশ জনপ্রিয়তা পায় মেগা। এর আগে মেগাআপলোডে অবৈধ ফাইল রাখার দায়ে গ্রেপ্তার হয়েছিলেন কিম। সে সময়ে যুক্তরাষ্ট্রে মেগাআপলোড বন্ধ করে দেওয়া হয়। এবার তাই মেগার বিষয়ে বেশ সতর্ক কিম। জানিয়েছেন, মেগাতে এ-সংক্রান্ত কোনো সমস্যা হবে না। শুরুতে ৫০ গিগাবাইট বিনা মূল্যে ব্যবহারের সুযোগ নিয়ে আসা মেগা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে বেশ আগ্রহ দেখা গেছে। মেগার নতুন এই উদ্যোগগুলো ব্যবহারকারীদের আরও আকৃষ্ট করতে পারবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।—ম্যাশেব্ল অবলম্বনে কাজী আলম