মেজাজ বুঝবে ব্ল্যাকবেরি!
কেমন আছেন? এ প্রশ্নটির উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়লে বা মন ও মেজাজের অবস্থার বিস্তারিত জানাতে ভবিষ্যতে ব্ল্যাকবেরি স্মার্টফোনকে উত্তর দেওয়ার দায়িত্ব ছেড়ে দিতে পারবেন ব্যবহারকারী। ব্ল্যাকবেরি স্মার্টফোন নির্মাতা রিসার্চ ইন মোশন (রিম) সম্প্রতি মানুষের মেজাজ বুঝতে সক্ষম হবে এমন একটি স্মার্টফোনের জন্য যুক্তরাষ্ট্রে পেটেন্ট আবেদন করেছে। এক খবরে এ তথ্য জানিয়েছে হাফিংটন পোস্ট।রিমের পেটেন্ট আবেদন অনুসারে, ব্ল্যাকবেরির নতুন স্মার্টফোন ব্যবহারকারীর বাটন টাইপের ধরন, মুখভঙ্গি ও কিবোর্ডে চাপ দেওয়ার ধরন দেখে তার মানসিক অবস্থা বুঝতে পারবে। স্মার্টফোনে ব্যবহূত হবে গ্যালভানিক স্কিন রেসপন্স সেন্সর, যা মোবাইলে রক্তচাপ, হূদ্স্পন্দনের গতিসহ শরীরবৃত্তীয় বিভিন্ন তথ্য সংগ্রহ করবে। ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের পেটেন্ট আদালতে আবেদন করে রিসার্চ ইন মোশন। রিমের এ আবেদনপত্রটির নম্বর ২০১২০১৮২৩০৯।ব্ল্যাকবেরির নতুন স্মার্টফোনটি ব্যবহারকারীর বিভিন্ন তথ্য সংগ্রহ করে তার মেজাজ-মর্জি অনুসারে বিভিন্ন ‘ইমোটিকন’ বা মুখভঙ্গি দেখাবে। তাই টেক্সট ব্যবহার করে ইমোটিকন ব্যবহারের বিষয়টি নিয়েও আর ভাবতে হবে না।