মেট্রো বদলে হলো ‘উইন্ডোজ ৮’
উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের ‘মেট্রো’ ইউজার ইন্টারফেসটির নাম বদলে ফেলতে বাধ্য হয়েছে মাইক্রোসফট। মেট্রো নাম বিসর্জন দিয়ে এই ব্র্যান্ডকে ‘উইন্ডোজ ৮’ ব্র্যান্ড নাম দিচ্ছে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।এর আগে জার্মানির ‘মেট্রো এজি’ নামের প্রতিষ্ঠানটির সঙ্গে নাম নিয়ে মামলায় জড়িয়ে পড়ায় মাইক্রোসফটকে ‘মেট্রো’ ব্র্যান্ড নাম ছেড়ে দিতে হয়েছে। ২০১০ সালে উইন্ডোজ ফোন ৭ তৈরির সময়ই ইন্টারফেসভিত্তিক নকশার ক্ষেত্রে ‘মেট্রো’ নামটি ব্যবহার করতে শুরু করেছিল মাইক্রোসফট। পরে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের জন্য টাইলসসদৃশ ‘মেট্রো’ নামের আলাদা একটি ইন্টারফেস তৈরি করেছিল প্রতিষ্ঠানটি। কিন্তু এ নামটি মেট্রো এজির ‘ট্রেডমার্ক’ বিধায় মাইক্রোসফটকে এ নামটি ছেড়ে দিতে হয়েছে।মেট্রোর পরিবর্তে কী নাম দেওয়া হবে, সে বিষয়টি নিয়ে মাইক্রোসফট দ্বিধান্বিত ছিল। তবে মাইক্রোসফটের কাজের সঙ্গে পরিচিত সূত্রের বরাতে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জেডিনেট জানিয়েছে, মেট্রো বাদ নিয়ে উইন্ডোজ ৮ ব্র্যান্ড নামটি নিয়েই প্রচারণা চালাবে মাইক্রোসফট। মেট্রোর পরিবর্তে ইউজার ইন্টারফেসটির পরিচিতি হিসেবে ‘উইন্ডোজ ৮ ইন্টারফেস’ ও অ্যাপসের ক্ষেত্রে ‘উইন্ডোজ ৮ অ্যাপ্লিকেশন’ নাম ব্যবহার করবে মাইক্রোসফট।