মেডিকেল রস

চিকিৎসা পেশার মানুষ হয়ে লেখালেখি করার বিড়ম্বনা টের পেয়েছি গত বইমেলার সময়। কিশোরী এক মেয়ে আমার একটা বই কিনে এনে বলল, ভাইয়া, একটা অটোগ্রাফ দেন। আমি বললাম, আদেশ শিরোধার্য। কিন্তু ভিড় বেশি থাকায় বইটা হাতে নিয়ে লিখতে খুব অসুবিধা হচ্ছিল। ঠেলাঠেলির জন্য লেখাটাও যাচ্ছেতাই হয়ে গেল। মেয়েটি বই হাতে নিয়ে বলল, ‘ভাইয়া, কী লিখলেন, কিছুই তো বুঝলাম না।’ আমি কিঞ্চিৎ বিব্রত বোধ করলাম, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বললাম, ‘ওষুধের দোকানদারকে দেখিয়ো, সে-ই বুঝিয়ে দেবে।’

বিজ্ঞাপন দেখে এক বেসরকারি মেডিকেল পড়ুয়া ধনীর কন্যাকে পড়াতে গেল মেডিকেলের ছাত্র রিবন। মেয়েটির বাবা বললেন, ‘দেখো, আমার মেয়ে তো ফার্স্ট প্রফেশনাল পরীক্ষার্থী, অভিজ্ঞ শিক্ষক হলে ভালো হতো। ওকে পড়াতে তোমার অসুবিধা হবে না তো?’ রিবন বলল, ‘না আঙ্কেল, অসুবিধা হবে না, আমার অভিজ্ঞতা আছে, এই পরীক্ষা আমি নিজেই চারবার দিয়েছি।’

: ডাক্তার সাহেব, আসব?
: আসুন। কিন্তু আমি তো শিশুদের চিকিৎসক।
: জানি, আমার সমস্যাটাও শুরু হয়েছিল সেই শিশুকালে।
: আপনার পেটে একটা স্ক্যান করে দেখা দরকার, কোনো সমস্যা আছে কি না।
: দরকার নেই, গত মাসে কুয়েত থেকে আসার সময় এয়ারপোর্টে আমার ফুল বডিই স্ক্যান করেছে, কোনো সমস্যা পায়নি।

ঢাকা মেডিকেলে ভর্তি হওয়া এক রোগীর দুই আত্মীয় কথা বলছিল—
: চাচা, এক ডাক্তার এই পরীক্ষাগুলো করিয়ে তাঁকে দেখাতে বললেন।
: তা তুই ওই ডাক্তারকে চিনে রেখেছিস তো? পরে খুঁজে পাবি?
: জি পাব, উনি শার্টের ওপর অ্যাপ্রোন পরেছেন
: অ্যাপ্রোন তো সব ডাক্তারই পরে।
: তা পরে, কিন্তু তাঁরটা সাদা।
একদিন গ্রাম থেকে আসা একজন লোক এলেন রক্ত নিতে। তাঁর দরকারি গ্রুপের রক্ত ফ্রিজে থাকায় সহজেই সেখান থেকে বের করে তাঁকে দেওয়া হলো। রক্তের ব্যাগটি হাতে নিয়েই বললেন, ‘আমার রোগীর তো অনেক জ্বর, এই ঠান্ডা রক্তই দিমু, নাকি গরম কইরা দেওন লাগব?’