মেডিকেল রস

* রস+আলোকেও ডেন্টিস্ট বলতে পারেন। কারণ, রস+আলো মানুষের দাঁত বের করতে সাহায্য করে।
* মানসিক রোগবিশেষজ্ঞের কাছে এক রোগী এল। চিকিৎসক বললেন, ‘পুরোনো প্রেসক্রিপশনটা দেখান তো।’
রোগী বললেন, ‘স্যার, আপনি কত বছর ধরে ডাক্তারি করছেন?’
: এই তো প্রায় ২০ বছর হবে।
: অদ্ভুত তো! ২০ বছর ধরে ডাক্তারি করছেন, অথচ এখনো পুরোনো প্রেসক্রিপশন দেখেননি!
* ছোট ক্লিনিক, স্টাফ কম। এক্স-রে করাতে এসেছে এক তরুণ। কিন্তু এক্স-রে টেকনিশিয়ান খেতে বসেছে। একজন স্টাফ বলল, ‘আপনার এক্স-রেটা তো খুব ইমারজেন্সি কেস নয়, একটু অপেক্ষা করুন, প্লিজ। উনি খেয়েই আসছেন। তরুণটি বলল, ‘সুইচটা দেখাবেন? আমি এক্স-রের একটা সেলফি তুলে নেব।’
* ক্রিকেট ম্যাচ নিয়ে ঝামেলা হওয়ায় বিষয়টা মারামারি পর্যন্ত গড়িয়েছে। উপজেলা হাসপাতালে কয়েকজন ভর্তিও হয়েছে। তরুণ ডাক্তার রিমেল, একজনের পায়ে প্লাস্টার করতে করতে বলল, ‘আপনারা স্কোরবোর্ড রাখলেই এমন ঝামেলা হতো না।’
‘হয় না তো। যাদের সাথেই খেলি, দুই দল মনে মনে রান, উইকেট, ওভার—এসবের হিসাব রাখি, তারপরও যদি দু-একদিন মতান্তর হয়, তখন হাতের কাছে লাঠিসোঁটা যা কিছু পাই, তা নিয়ে মাঠে নেমে পড়ি, একটা মীমাংসা হয়ে যায়।’ ছেলেটির অকপট জবাব।
ডাক্তার রিমেল মুচকি হেসে জানতে চাইলেন, ‘আজ মীমাংসা করতে পারেননি?’
ছেলেটির মুখ ব্যাজার, ‘না, আজ ওরাও লাঠিসোঁটা নিয়ে এসেছিল।’
* : কখন মনে করবি বড় ডাক্তার হয়েছিস?
: কখন, দোস্ত?
: যখন বিয়েবাড়িতে উপহার দিয়েও ব্যস্ততার জন্য না খেয়ে চলে আসবি।