মেডিকেল রস

* হাসপাতালের সামনে বসে চা খাচ্ছিলাম। দুজন লোক সেখানে বসে কথা বলছিল।
: ভাই, আমি বিদেশে ছিলাম। সেখানকার চিকিৎসা যে কী চমৎকার! হাসপাতাল চকচক করে, ডাক্তাররা সময় দিয়ে দেখে, নার্সরাও খুব সেবা করে, মেশিনের কথা তো বলেই শেষ করা যাবে না।
: তা এসব ছেড়ে আপনি দেশে এসেছেন কেন?
: একটা টিউমার হয়েছে। অপারেশন করানোর জন্য দেশে আসছি।
* ডাক্তার বললেন, ‘হাঁ করে জিহ্বাটা দেখান তো।’
রোগী বললেন, ‘সমস্যা তো আমার পেটে, আপনি জিহ্বা দেখবেন কেন? জিহ্বা কি পেটের খবর জানে?’
ডাক্তার হেসে বললেন, ‘তাহলে আপনার পেটের সমস্যাটা পেটকেই বলতে দিন, মুখ কি পেটের খবর জানে?’
* ডাক্তার রায়হান রোগীর প্রেশার মেপে বললেন, ‘আপনার প্রেশারে সমস্যা নেই।’
রোগী বললেন, ‘আপনার প্রেশার মাপার মেশিন মনে হয় নষ্ট।’
‘মানে?’
‘আরে ভাই, আমি খালি আমার প্রেশারে না, ছেলেমেয়ের প্রেশার, বসের প্রেশার, লোনের প্রেশারে অতিষ্ঠ। আর আপনার প্রেশারের মেশিন কি না বলে, আমার প্রেশারের সমস্যা নেই!’
* রোগীর সমস্যা শুনে ডাক্তার জিজ্ঞেস করলেন, ‘সকালে কী খেয়েছিলেন?’
রোগী বললেন, ‘সেটা জাইনা কী করবেন! এর মধ্যে দুইবার তো টয়লেটে গেছিলাম!’