মেডিকেল রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জব্বার স্যারের কাছে মৌখিক পরীক্ষা দিচ্ছিল জমির। উত্তর দিতে গিয়ে কোথাও আটকে গেলেই সে কাশি দেওয়ার ভান করছিল।

স্যার বললেন, ‘কী ব্যাপার, পারছ না কেন? পরীক্ষার আগে দুই দিন ছুটি পেয়ে করলাটা কী?’

জমির দুর্বলতার ভান করে নিচু গলায় জবাব দিল, ‘ভালো পড়া হয়নি, দুই দিন ধরে কাশি ছিল স্যার।’

‘না, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। দুই দিন ধরে প্র্যাকটিস করে এসে সামান্য কাশিটাকেই আসলের মতো দিতে পারতেছ না।’ জমিরকে ফেল করানোর আগে এটাই ছিল স্যারের শেষ কথা।

কিছুদিন আগে আমি নিজের রুমে যাচ্ছিলাম। হঠাৎ আমার পাশের ব্লকে থাকা এক তরুণ চিকিৎসক ভাইয়ার রুম থেকে পড়ার শব্দ শোনা গেল। বিসিএস প্রিলিমিনারির প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। বেশ জোরে জোরেই পড়ছিলেন, ‘বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব প্রতি মাইলে ২,৫০০ বর্গজন... উম উম উম। বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব প্রতি মাইলে ২,৫০০ বর্গজন। উম উম উম...’

গণিত থেকে দূরে সরতে সরতে কতিপয় মেডিকেল ছাত্রের একসময় সম্ভবত গণিত ডেফিসিয়েন্সি রোগ তৈরি হয়ে যায়। কঠিন চিকিৎসাবিদ্যায় ডুবে থাকলে সেটা হওয়া অস্বাভাবিকও নয়।

আমার নিজের বেলায়ও এমন নজির আছে। এক দিন পরে আইটেম এক্সাম থাকায় পড়ার চেষ্টা করছিলাম, তখন তানভির যুদ্ধের একটা মুভি দেখতে দেখতে বলল, ‘বাহ্! জানতাম না তো ট্যাঙ্কের ভেতর পানির স্ফুটনাঙ্ক ৯০ ডিগ্রি। ব্যাপারটা বুঝছিস?’

আমি বই থেকে মুখ তুলে বললাম, ‘না বোঝার কী আছে, ৯০ ডিগ্রি মানে তো এক সমকোণ!’

পত্রিকার প্রথম পাতায় সাড়াজাগানো একটি খবর বের হলো। চিকিৎসকের চেম্বারে এক লোক মরে পড়ে আছে, অথচ অমানবিক চিকিৎসক খবরই নিলেন না।

পরদিন সেই পত্রিকার মাঝের পাতায় ছোট্ট করে ওই চিকিৎসকের পরিবারের পাঠানো একটি প্রতিবাদনামা ছাপা হলো, ‘খবর নেবেন কী করে? মরে পড়ে থাকা লোকটিই যে ওই চেম্বারের চিকিৎসক ছিলেন!’

একদিন এক স্যার পড়াচ্ছিলেন, ‘যদি তোমরা বোন মেরোতে (অস্থিমজ্জায়) সুচ ঢোকাতে চেষ্টা করো, অদক্ষতাসহ নানা কারণে সুচটা অস্থিমজ্জায় নাও ঢুকতে পারে।’

অসীম বলল, ‘আর স্যার, আমরা যদি সুচটা আশপাশের কোনো অংশে ঢোকাতে চাই, তাহলে?’

ওর দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে স্যার বললেন, ‘সে ক্ষেত্রে সুচটা অস্থিমজ্জাতেই ঢুকতে পারে।’

আমার এক বন্ধু একদিন জিজ্ঞেস করল, ‘আচ্ছা বন্ধু, দুনিয়াতে এত চিহ্ন থাকতে ডাক্তাররা “প্লাস” (+) চিহ্নটাই বেছে নিল ক্যান?’

আমি বললাম, ‘দেখ দোস্ত, রোগী মরুক আর বাঁচুক, ডাক্তার তো সব সময় “প্লাস”-এই থাকে, নাকি?