মেডিকেলে ভর্তি পরীক্ষা অক্টোবরে হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব মেডিকেল ও ডেন্টাল কলেজে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ভর্তি পরীক্ষা (এমবিবিএস) অনুষ্ঠিত হতে পারে। তবে পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। 

আজ মঙ্গলবার নিজ মন্ত্রণালয়ে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক সাংবাদিকদের এ কথা জানান। নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা প্রথম আলো ডটকমকে বলেন, তাঁরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে ৪ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ফরম বিক্রির জন্য এবং ৪ অক্টোবর ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য সুপারিশ করেছেন।

এ বছরও আগের নিয়মেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাধ্যমিক (এসএসসি) ও উচ্চমাধ্যমিক (এইচএসসি) দুই পরীক্ষায় বিজ্ঞান বিভাগের যেসব শিক্ষার্থী জিপিএ-৮ পেয়েছেন, তাঁরাই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। দেশের ২২টি সরকারি মেডিকেল কলেজে আসনসংখ্যা দুই হাজার ৮১১টি। আর ৫৩টি বেসরকারি মেডিকেল কলেজে আসন চার হাজার ২৪৫টি। এ ছাড়া নয়টি সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজগুলোর ডেন্টাল বিভাগে আসনসংখ্যা ৫৬৭টি। 

গত বছর কোচিং ব্যবসা ও প্রশ্ন ফাঁস বন্ধে মেধাক্রম অনুযায়ী মেডিকেলে ভর্তির সিদ্ধান্ত নেয় সরকার। এতে ভর্তি পরীক্ষা নিয়ে সংকট দেখা দেয়। ঝামেলা এড়াতে সরকার সিদ্ধান্ত থেকে পিছিয়ে যায়। এ বছর ভর্তি পরীক্ষা নিয়ে সরকার নতুন কোনো সিদ্ধান্ত নেয়নি।