খাগড়াছড়িতে গণিত উৎসব শুরু হয় ঠিক সকাল সাড়ে নয়টায়। তার আগে টানা সাত দিন প্রচণ্ড শীতের প্রকোপ থাকায় বেশ দুশ্চিন্তায় ছিলেন আয়োজকেরা। কিন্তু গণিতের উত্তাপে উৎসবের দিন শীত পালায়। ছেলেমেয়ে ও তাদের অভিভাবকদের পদচারণে মুখর হয়ে ওঠে খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়। ১০টা থেকে এক ঘণ্টা ১৫ মিনিট ধরে চলে পরীক্ষা। আর পরীক্ষার পর ছেলেমেয়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রশ্নোত্তর পর্ব। এবারের উৎসবে প্রশ্নোত্তর পর্বে ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছিলেন না বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কিংবা খ্যাতনামা কোনো সাংবাদিক। তবে তাতে তাদের প্রশ্নের বাণ থেমে থাকেনি। তাদের প্রশ্ন ছিল হরেক রকম।বেশির ভাগ প্রশ্ন বিজ্ঞান ও গণিত সম্পর্কিত হলেও অন্যান্য প্রশ্নও ছিল। সেই প্রশ্নগুলোর মধ্যে একটি প্রশ্ন আমাকে বেশ ভাবায়। এক ছাত্র জানতে চায়, ‘বাংলাদেশ থেকে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে যারা অংশ নেয়, তাদের মধ্যে বেশির ভাগই থাকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। তারা অলিম্পিয়াডের জন্য দিন-রাত কঠোর পরিশ্রম করে প্রস্তুতি নেয়। সে জন্য তারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে ভর্তি পরীক্ষা হয়, তার প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পায় না এবং সেই কারণে পরীক্ষার ফলগুলোতেও তাদের মেধার প্রতিফলন হয় না। তাদের জন্য কি বিশ্ববিদ্যালয়গুলো সরাসরি ভর্তির ব্যবস্থা করতে পারে না? আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে যে ছেলেটি কিংবা মেয়েটি অংশ নিল, তার মেধা, যোগ্যতা ও অধ্যবসায় নিয়ে নিশ্চয়ই কারও সন্দেহ থাকার কথা নয়? বিদেশে যদি কিছু কিছু বিশ্ববিদ্যালয় আইএমওতে অংশগ্রহণকারীদের সরাসরি ভর্তি নেয়, তবে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো কেন তা পারে না?’ আমি তার প্রশ্নের উত্তরে বললাম, একদিন হয়তো আমাদের দেশেও এমনটি হবে। আর ওরা যে এটি নিয়ে ভাবছে, তা সবাইকে জানাব বলেও কথা দিলাম। সে জন্যই আমার এই লেখা।তবে ছেলেটির প্রশ্নের উত্তরে যা বলিনি, তা হলো যে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর তো মেধাবী, চিন্তাশীল, সৃজনশীল ছেলেমেয়েদের কোনো প্রয়োজন নেই। সেখানে শিক্ষাব্যবস্থাটা এমনই যে, সেখানে প্রয়োজন দিনরাত বই মুখস্থ করে পরীক্ষার হলে ভালো করে লিখে দিয়ে আসবে এমন ছাত্রছাত্রী। আর তারাই একসময় হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক (আমি খুব ভালো করে জানি যে এখানে ব্যতিক্রম আছে এবং তারা সংখ্যায় খুব কম, আমি তাদের কথা বলছি না)। তাই খুব স্বাভাবিকভাবেই তাদের মাথায় এটা কখনোই ঢুকবে না যে একজন ছাত্র যদি গণিত অলিম্পিয়াডের মতো জায়গায় নিজেকে প্রমাণ করে আসে, তাহলে তার জন্য আলাদাভাবে ভর্তি পরীক্ষার প্রয়োজন নেই। হয়তো তারা জানে না যে বাংলাদেশের জাতীয় গণিত দলে সুযোগ পেতে হলে একজন মেয়ের কিংবা ছেলের কী প্রচণ্ড পরিশ্রম করা লাগে, কী পরিমাণ মেধা ও সৃজনশীলতার প্রয়োজন হয়। তাই কায়কোবাদ স্যার কয়েক বছর ধরে পত্রপত্রিকায় এটি নিয়ে লেখালেখি করলেও কেউই এখন পর্যন্ত তাঁর কথায় কান দিচ্ছে না। তার পরও আমরা ব্যাপারটি বারবার তুলে ধরব, বক্তৃতায় বলব, পত্রিকায় লিখব। কোনো না কোনো দিন আমাদের দেশের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলোর নিশ্চয়ই সুমতি হবে।