মেধার মুকু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছোটবেলায় বাবা চেয়েছিলেন আমি চিকিৎসক হই। আমিও একটা সময় তা-ই হতে চেয়েছিলাম। কিন্তু পরে সেই ইচ্ছেটা বদলে যায়। ভর্তি হই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিষয়ে। পড়তে গিয়ে টের পেলাম বেশ মজার বিষয় এটি। শুধু তাই নয়, সমাজের বিস্তৃত পরিসর নিয়ে জানার অনেক সুযোগ রয়েছে বিষয়টিতে। ধীরে ধীরে বৃহত্তর সমাজ নিয়ে গবেষণার ইচ্ছেও আমার ভেতর ডালপালা মেলেছে। তাই খুব মনোযোগী হয়ে উঠলাম। তার ফল আজকের এই সাফল্য।’ কথা হচ্ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর উভয় শ্রেণীতে সমাজবিজ্ঞান বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জনকারী আবু হেনা মোস্তফা কামালের সঙ্গে। বন্ধু ও পরিবাবে অবশ্য তিনি মুকুল নামে পরিচিত। কামালের সিজিপিএ স্নাতকে ৪.০০ এর মধ্যে ৩.৮৩, স্নাতকোত্তরে ৩.৯৭। এটা শুধু ত*ার বিভাগেরই নয়, অনুষদেরও সর্বোচ্চ সিজিপিএ।

খুলনার পাইকগাছার ছেলে কামাল। তিন ভাই এক বোনের মধ্যে সবার ছোট। বাবা এম এ মান্নান ছিলেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আর মা রওশন আরা মান্নান গৃহিণী। এত দূর আসার পেছনে পরিবার এবং সেই সঙ্গে বিভাগের শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি বলে জানান তিনি।

বেড়াতে ভীষণ পছন্দ করেন কামাল। একটু সময় পেলেই কোথাও না-কোথাও বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়েন তিনি। অনেক জায়গায় যাওয়া হলেও সবচেয়ে বেশি ভালো লেগেছে বান্দরবানের নীলগিরি আর কক্সবাজার সমুদ্রসৈকত। ভ্রমণের নেশায় যে মেতে থাকে সে এত ভালো ফল করে কীভাবে? এই প্রশ্নের উত্তরে হাসলেন কামাল। বললেন, ‘শুরু থেকেই আমি আর যা-ই করি না কেন পড়াশোনাটা চালিয়ে গিয়েছিলাম পুরোদমে। আগে পড়াশোনা তারপর আর সবকিছু।’

পড়াশোনার বাইরের জগৎ যদি বলি তাহলে ভ্রমণই কি একমাত্র নেশা, নাকি আর কিছু আছে? এমন প্রশ্নের জবাবে বলেন, ‘আমি আড্ডা দিতে অনেক পছন্দ করি, বিশ্ববিদ্যালয় জীবনটাকে আমার কাছে একটা দারুণ জার্নি বলে মনে হয়। বন্ধুদের সঙ্গে সব সময়ই আড্ডা দিই। আমরা কয়েকজন বন্ধু মিলে আমাদের বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে গড়ে তুলি টেরাডোপ নামে একটি সংগঠন। মূলত মুক্তচিন্তা আর সমাজের বিভিন্ন বিষয় সম্পর্কে সমাজতাত্ত্বিক নিরীক্ষামূলক বিষয় এই সংগঠনের উদ্দেশ্য।’

 কথায় কথায় কামাল জানালেন বাংলাদেশের অসহায় মানুষদের নিয়ে তাঁর স্বপ্নের কথা।

‘আমি স্বপ্ন দেখি একদিন বাংলাদেশে আর কোনো গরিব মানুষ থাকবে না। অর্থনৈতিক সচ্ছলতা আসবে প্রতিটি মানুষের জীবনে। সমাজের মানুষের চিন্তাভাবনা বদলে যাবে। বৈজ্ঞানিকভাবে চিন্তা করতে শিখব আমরা সবাই।’ অবসরে বই পড়তে তিনি খুব ভালোবাসেন। প্রিয় লেখকের মধ্যে সমরেশ মজুমদার উল্লেখযোগ্য। ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে বলেন, ‘শিক্ষকতাকে পেশা হিসেবে নিতে চাই সেই সঙ্গে বাংলাদেশের পরিবেশ, জলবায়ু, দারিদ্র্য এসব বিষয় নিয়ে উচ্চতর গবেষণা করতে চাই। দূর করতে চাই এগুলোর ফলে সৃষ্ট সমস্যাগুলো।’